বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। ২০২২ সালে দু’জনের প্রেম প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের কাছে তাদের রসায়ন খুব প্রিয় হয়ে উঠেছিল। চলতি বছরে এই জুটির বিয়ের পিঁড়িতে বসারও কথা ছিল। অথচ জানা গেল, হঠাৎ করেই তাদের সম্পর্ক ভেঙে গেছে। ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের প্রতিবেদন অনুসারে, সম্পর্কের শুরু থেকে তামান্না ও বিজয় একত্রে এক ছাদের নীচে বাস করলেও সপ্তাহখানেক আগে সম্পর্কচ্ছেদ করেছেন তারা। যদিও এ বছরই মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে সেখানে একত্রে সংসার করার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু সেটি আর আলোর মুখ দেখছে না।
বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে দু’জনের কেউই মন্তব্য করেননি। তাদের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যায়, আপাতত এসব নিয়ে মুখ খুলতে চান না তারা। ২০২২ সালে সাবেক এ জুটি প্রথম প্রকাশ্যে এলেও সম্পর্কের সত্যতা নিয়ে তামান্না মুখ খুলেন ২০২৩ সালের জুনে।
তখন এ বলিউড অভিনেত্রী জানিয়েছিলেন, বিজয়ের সঙ্গে সুখে আছেন তিনি। এছাড়া বিজয় তাকে অন্যান্য কাজেও অনেক সহায়তা করে থাকেন। সর্বশেষ তামান্নাকে ‘স্ত্রী-২’ ও ‘বেদা’ সিনেমায় দেখা গেছে। আর বিজয়ের শেষ অভিনীত ছবি ছিল ‘মার্ডার মোবারক’।
/শাকিল