ছোটপর্দার জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও নাজনীন নিহা। দুজনেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার তারা প্রেম করে দুর্বিষহ জীবন পার করছেন। প্রেমের দায়ে ইয়াশ রয়েছেন কারাগারে, আর নিহা পাগলা গারদে। তবে প্রেমের কারণে বাস্তবে এমনটি ঘটেনি। নাটকের গল্পের প্রয়োজনে এই দুই তারকাকে এভাবে দেখা যাবে। ঈদের জন্য নির্মিত এই নাটকের নাম ‘অবুঝ প্রেম’।
সিএমভির ব্যানারে এটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আর তাতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক প্রমুখ।
ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে এই নাটকে দুটি ভিন্ন লুক ও চরিত্রে হাজির হবেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা।
এ প্রসঙ্গে নির্মাতা মিফতাহ্ জানান, ‘অবুঝ প্রেম’ নাটকের চ্যালেঞ্জিং অংশ ছিল দুটি। একটি কলেজজীবনের গেটআপ; অন্যটি কারাগার ও পাগলা গারদের গেটআপ, মেকআপ ও অভিনয়। দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন ইয়াশ-নিহা। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
/শাকিল