বলিউডের খিলাড়ি হিসেবে পরিচিত সুপারস্টার অক্ষয় কুমার। রোমান্স, কমেডি, অ্যাকশন বা ড্রামা যে ঘরানার সিনেমাই হোক না কেন, পর্দায় তার প্রতিটি আবেগ সবসময়ই দর্শক হৃদয় জয় করে নেয়। এটিই তার ২০১৯ সালের ছবি ‘কেশরী’ ভক্তদের মনে সাড়া জাগানোর অন্যতম একটি বড় কারণ। এবার ভক্তরা এ অভিনেতাকে ‘কেশরী চ্যাপ্টার ২’-এ দেখতেও উদগ্রীব হয়ে আছেন।
এই সপ্তাহের শুরুতেই অক্ষয় তার বহুল আলোচিত ছবিটির টিজার শেয়ার করেছেন, যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরের ঘটনা নিয়ে নির্মিত। টিজারে অক্ষয়কে একজন আইনজীবীর চরিত্রে দেখা গেছে। সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। তাদেরও পর্দায় আইনজীবীর ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা।
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। এই ছবির পোস্টার প্রকাশের পরই সেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে পোস্টারে অনন্যা পাণ্ডের চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন রূপে অনন্যাকে দেখে অনেকেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কেউ কেউ আবার মজা করতেও ছাড়েনি। অনেকের মতে, এ চরিত্রের জন্য ভুল শিল্পীকে (অনন্যা) নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম অনন্যা কোনো ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন না। ২০২৩ সালে অভিনেত্রী ‘ড্রিম গার্ল ২’ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে প্রথমবারের মতো একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিন আইনজীবীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে তৈরি করা ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিটি আগামী ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
/শাকিল