একদিকে সিনেমাহলে ঝড় তুলেছে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। সিনেমা হলে চলছে দর্শকদের উপচে পড়া ভিড়। সবাই দিচ্ছে পজিটিভ রিভিউ। এরইমধ্যে থানায় যেতে হয়েছে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমিকে।
জানা গেছে, পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় গিয়েছেন তারা। সিনেমাটি মুক্তির পর কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে এর বিভিন্ন ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এর ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় গিয়েছিলেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক।
পরিচালক মেহেদি হাসান হৃদয় সংবাদ মাধ্যমকে জানান, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন।
এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বরবার’ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন, বরবাদ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায় 'বরবাদ' চলচ্চিত্র নির্মিত হয়েছে। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে 'বরবাদ' করতে পারে। পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন, আমরা দায়িত্বশীল দর্শক হই। বড় পর্দায় ‘বরবাদ’ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি। কোনো ধরণের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি।’
তিনি আরও বলেন, 'ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে, যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যেকোনো পাইরেসি লিংক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’
মেহেদী/