এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ঈদে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ওয়েবফিল্ম ‘হাউ সুইট’। কাজল আরেফিন অমি পরিচালিত এতে ফারিণের নায়ক হয়েছেন জনপ্রিয় তারকা অপূর্ব। এই ওয়েবফিল্মে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। এবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’।
এর আগে ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও অজানা কারণে তখন সেটি হয়নি। গত বছর ২৪ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির আগেই ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন। সিনেমাটি লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার। বঙ্গতে মুক্তির খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ধ্রুব হাসান নিজেই।
তাসনিয়া ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
আবেগঘন ও ভাবনার উদ্রেককারী সিনেমাটিতে একজন নারীর অতীত, বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে গড়ে উঠেছে এক হৃদয়স্পর্শী গল্প।
প্রথমে সিনেমাটির নাম ছিল ‘দাহকাল’। পরবর্তী সময়ে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। এটি নির্মাণে সময় লেগেছে টানা ৮ বছর। ৮ বছর পর ২০২৪ সালে এটি মুক্তি দেওয়া হয়।
তাসনিয়া ফারিণ বলেন, “আট বছর পর পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু ‘ফাতিমা’ শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য। আশা করি, দর্শকরা ছবিটি দেখবেন।”
নির্মাতা ধ্রুব হাসান বলেন, ‘ওটিটিতে এর আগেও মুক্তির কথা থাকলেও অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে করে দেশের বাইরের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। এ ছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবেন।’
/শাকিল