জনপ্রিয় মার্কিন তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি এ গায়িকা ও অভিনেত্রী পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গ্রীষ্মে ব্যক্তিগত ও পেশাগত জীবনকে ঘিরে নানা পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, সামনের কয়েক মাস সন্তানদের সঙ্গে সময় কাটানো, ট্যুর এবং নিজেকে ‘মুক্ত’ অনুভব করার মতো অভিজ্ঞতার জন্য তিনি প্রস্তুত।
সাক্ষাৎকারে এই মার্কিন তারকা বলেন, ‘আসন্ন ট্যুর নিয়ে আমি ভীষণ উত্তেজিত। আমি প্রথমে প্রাইডে যেতে চাই।’ উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ডপ্রাইডে প্রধান পারফর্মার হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে জেনিফার লোপেজের।

এই গ্রীষ্মকাল তার জন্য আনন্দদায়ক হতে যাচ্ছে বলে মন্তব্য করে লোপেজ বলেন, ‘আমার জীবনের সবকিছুই এখন অনেক বেশি স্বাস্থ্যকর। সবকিছু ইতিবাচক মনে হচ্ছে। গান গাইতে, নাচতে এবং সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমার তর সইছে না।’ আসন্ন এই সফরে মার্কিন তারকার সঙ্গে তার দুই সন্তানও থাকবে এবং এক সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে তার আনন্দের কথা প্রকাশ করেন লোপেজ।
এই গ্রীষ্মে সাবেক দম্পতি জেনিফার লোপেজ ও অভিনেতা বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের এক বছর পূর্ণ হচ্ছে। বিচ্ছেদপরবর্তী জীবন সম্পর্কে লোপেজের ভাষ্য, ‘এটি আমার জীবনে শান্তি এনেছে। আমি এখন অনেক বেশি খুশি, আগের চেয়ে পরিণত। আমি নিজেকে এবং সন্তানদের নিয়ে গর্বিত যে, তারাও এ কঠিন সময় পার করে আরও শক্তিশালী হয়ে উঠেছে।’
/এমএস