বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কলকাতায় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছিলেন ফারিণ। ছবিটি নিয়ে আলোচনা হলেও তেমন ব্যবসায়িকভাবে সফল হয়নি।
এরপর অভিজিৎ সেনের পরিচালনায় কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফারিণের। দেবের নায়িকা হওয়ার খবর দুই বাংলার গণমাধ্যমেই ফলাও করে প্রকাশিত হয়েছিল। গত বছর থেকেই এ সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। চলতি বছরের শুরুর দিকে সিনেমাটি নিয়ে আবারও চর্চা শুরু হয় দুই বাংলায়। তবে তখন পর্যন্ত ছবিটি নিয়ে কোনো আপডেট ছিল না। অবশেষে জানা গেল, জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এর শুটিং।
তবে শুরুর দিকে ‘প্রজাপতি ২’-তে দেবের নায়িকা হওয়ার কথা ছিল ফারিণের। জানা গেল, দেবের নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হলো না ফারিণের। এবার ফারিণের পরিবর্তে দেবের নায়িকা হচ্ছেন কলকাতার ছোটপর্দার গ্ল্যামারাস অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন ফারিণ। তবে শুধুই ভিসা জটিলতা নাকি অন্য কোনো কারণে ছবিটি থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী তা জানা যায়নি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এক বৈঠকে ছবিটি নিয়ে প্রযোজক, পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে। অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিংয়ে যাবেন।
নির্মাতা অভিজিৎ সেন ফারিণকে নিয়ে আগে জানিয়েছিলেন, ‘তাসনিয়া ফারিণকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’
‘প্রজাপতি’তে মিঠুন ও দেবকে বাবা-ছেলে হিসেবেই দেখা গিয়েছিল। একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি এই সিনেমায়? প্রযোজক অতনু আশ্বস্ত করে বললেন, ‘মিল ওই একটা জায়গায়ই।’ সিনেমার কাহিনি খোলাসা করতে চাইলেন না নির্মাতা ও প্রযোজক।
এদিকে ঈদুল আজহায় ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ইনসাফ’ মুক্তি পায়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় ফারিণের নায়ক হয়েছেন শরিফুল রাজ। ক্যারিয়ারের প্রথম বাণিজ্যিক ছবিতেই হোঁচট খেলেন তাসনিয়া ফারিণ। কারণ ছবিটি নিয়ে দর্শকদের মনে নেই তেমন উন্মাদনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবেও ছবিটি সফলতার রেটিং একেবারে তলানিতে রয়েছে।
তাসনিয়া ফারিণের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে দেবের সিনেমা থেকে বাদ পড়লেন, আবার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটিও ফ্লপের তালিকায় চলে যাচ্ছে। এ ছাড়া কিছুদিন আগে কালজয়ী দুটি গান বেসুরো কণ্ঠে গেয়ে তুমুল ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সবকিছু মিলিয়ে এই অভিনেত্রীর ক্যারিয়ারে চলছে শনির দশা।
/আবরার জাহিন