জনপ্রিয় কোরিয়ান সাসপেন্স-থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন মুক্তি পেয়েছে গত ২৭ জুন। ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির অল্প কিছুদিনের মধ্যেই বিশ্বজুড়ে ইতিহাস গড়ল সুপারহিট এ কোরিয়ান সিরিজটি। মাত্র একদিনেই নেটফ্লিক্সের সেরা টিভি সিরিজের তালিকায় ৯৩টি দেশে এক নম্বর অবস্থান দখল করেছে এটি। লি জং জে ও লি বিয়ং হুন অভিনীত জনপ্রিয় এই সিরিজটির জন্য যা অনন্য এক কীর্তি।
‘স্কুইড গেম’ সিরিজের এই তৃতীয় পর্বটি গত ২৮ জুন নেটফ্লিক্সের সর্বাধিক দেখা সিরিজের স্থান দখল করে। ফ্লিক্সপ্যাট্রল-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির ঠিক এক দিন পরই এটি ইংরেজি ও অ-ইংরেজি- উভয় ভাষার সিরিজকে পিছনে ফেলে গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে। গত ২৯ জুনও যা প্রথম স্থানে ছিল।
এর মাধ্যমে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন নিজের আগের রেকর্ডসহ কে-ড্রামা ইতিহাসের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ৮০টি দেশে শীর্ষে উঠেছিল। সেই রেকর্ড ভেঙে ‘সিজন ৩’ শীর্ষে উঠেছে মোট ৯৩টি দেশে। এদিকে ‘স্কুইড গেম সিজন ১’ মুক্তির এক সপ্তাহ পর এক নম্বরে গেলেও পুরো এক মাস তারা শীর্ষস্থান ধরে রেখেছিল।
উল্লেখ্য, আইএমডিবি-তে তৃতীয় সিজনের বর্তমান রেটিং ৮.০/১০ এবং রটেন টমেটোজ-এ ৮৩% অ্যাপ্রুভাল রেটিং। বিশেষ করে এশিয়ান ভক্তদের মাঝে এটি বেশ জোয়ার তুলেছে। সিরিজটিকে আর বড় আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে এটির একটি আমেরিকান ভার্সনও নির্মিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
/এমএস