সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে আলো ছড়ানো বাংলাদেশি সিনেমা ‘আলী’-র জন্য নতুন সুখবর। প্রথমবারের মতো কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়ে স্পেশাল মেনশন জিতে নেওয়া ‘আলী’ এবার অস্ট্রেলিয়ার ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর ফলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। চলচ্চিত্র উৎসবটি আগামী ৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে।
এটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। আর প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সমাজের প্রান্তিক স্তরে বাস করা আলী নামের এক কিশোরের জীবনের সংগ্রাম, মানবিক সংকট এবং প্রান্তিক সমাজের রূঢ় বাস্তবতাকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে। এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
অস্ট্রেলিয়ায় সুযোগ পাওয়া নিয়ে সিনেমার বাংলাদেশি প্রযোজক তানভীর হোসেন বলেন, “কানে একটি স্মরণীয় যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আলী’র নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এই গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।”
চলচ্চিত্র উৎসবে দর্শকরা মোট দুই দিন চলচ্চিত্রটি দেখতে পারবেন। উৎসবের দ্বিতীয় দিন ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১৮ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে ‘আলী’ প্রদর্শিত হবে। উল্লেখ্য, চলতি বছর মাস দেড়েক আগে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস তৈরি করেছিল চলচ্চিত্রটি।
/এমএস