মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মেয়ে সন্তানের আগমন ঘটেছে তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।
পরিবার ঘনিষ্ঠ সূত্র জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’- এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।
জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ।
কয়েক দিন আগেই তাদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, যেকোনো সময় সুখবর আসতে পারে।
অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালে তিনি নিভৃতে, পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছেন। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তার উচ্ছলতা, মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্তের ঝলক। এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লালগালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। গর্ভাবস্থার মধ্যেও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও তার স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে।
এদিকে সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন মা–বাবাকে।
মেহেদী/