না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের অরিজিনাল ‘ডন’ সিনেমার নির্মাতা চন্দ্র বারোট। খ্যাতিমান এই পরিচালকের মৃত্যুর খবরটি তার স্ত্রী দীপা বারোট নিশ্চিত করেছেন। আজ রবিবার (২০ জুলাই) ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
নির্মাতার স্ত্রী জানান, চন্দ্র বারোট গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সাথে লড়াই করছিলেন। মৃত্যুর আগে তিনি জসলোক হাসপাতাল ও গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, চন্দ্র বারোটের ক্যারিয়ারের সবচেয়ে বিখ্যাত সিনেমা ‘ডন’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করে পুরো ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছিলেন। এটি ‘বিগ বি’-এর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। এরপর চন্দ্র বাংলা ছবি ‘আশ্রিতা’ এবং হিন্দিতে ‘প্যার ভারা দিল’ পরিচালনা করেও ভালো খ্যাতি পেয়েছিলেন। তবে তিনি নির্মাণাধীন বেশকিছু ছবি শেষ করে যেতে পারেননি।
অমিতাভ অভিনীত ‘ডন’-এর পর সিনেমাটিকে নতুন করে বলিউডে ফিরিয়ে আনেন নির্মাতা ফারহান আখতার। ডন এর নতুন ফ্র্যাঞ্চাইজিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। খুব শিগগিরই এই ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং শুরু করবেন ফারহান। হঠাৎ এই কিংবদন্তির মৃত্যুতে চন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে ফারহান তার পরবর্তী ‘ডন’ এই নির্মাতার নামে উৎসর্গ করেছেন।
ইনস্টাগ্রামে এক পোস্টে এই পরিচালক লিখেছেন, “ওজি (অরিজিনাল) ‘ডন’-এর পরিচালক আর নেই। আমি অত্যন্ত দুঃখিত। চন্দ্র বারোটজিকে শোকসন্তপ্ত আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
/এমএস