ভারতীয় অভিনেত্রী রুচি গুজ্জার। সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে আলোচনায় আসার পর ভিন্ন এক কারণে ফের সংবাদের শিরোনাম হলেন। সম্প্রতি মুম্বাইয়ের এক হলে প্রবেশ করে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংকে জুতাপেটা করেছেন এই অভিনেত্রী। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হলে ঢুকে প্রযোজকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে হঠাৎ করে ক্ষেপে যান রুচি। সবাইকে অবাক করে দিয়ে করণ সিং চৌহানকে বেধড়ক জুতাপেটা করতে শুরু করেন। তখন এ অভিনেত্রীর সঙ্গে একদল বিক্ষোভকারীও ছিল। সেই বিক্ষোভকারীদের হাতে প্রযোজকের ছবিসহ প্ল্যাকার্ড ছিল, যেখানে করণের মুখের উপর লাল রঙের ক্রস চিহ্ন দেয়া ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।
রুচি গুজ্জারের এত ক্ষোভের কারণ সম্পর্কে জানা যায়, চৌহান গত বছর রুচিকে এক হিন্দি ধারাবাহিকের জন্য সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেজন্য তখন এ অভিনেত্রী নিজের প্রযোজনা সংস্থা থেকে প্রযোজক চৌহানের অ্যাকাউন্টে কয়েক লাখ টাকাও পাঠিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার এক বছর পেরিয়ে গেলেও তা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এমনকি সোনি টিভিতে সেই ধারাবাহিক প্রচারের কথা থাকলেও সেটাও হয়নি।
বিপরীতে সেই টাকা দিয়ে ‘সো লং ভ্যালি’ শিরোনামে করণ ইতোমধ্যে একটি সিনেমা নির্মাণ করেছেন যেটা আগামী ২৭ জুলাই মুক্তি পাবে। আর কোন উপায় না পেয়ে নিজের পাওনা টাকা ফেরত চাইলে উল্টো রুচিকে প্রযোজক হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এ অভিনেত্রী।
তাই রাগে-ক্ষোভে প্রযোজককে এভাবে প্রকাশ্যে জুতাপেটা করেছেন রুচি। এমনকি প্রযোজকের বিরুদ্ধে আদালতে ২৫ লাখ রুপি প্রতারণার অভিযোগও করেছেন বলে গণমাধ্যমকে জানান তিনি।
/এমএস