বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। টেলিভিশনে সিনেমাটি প্রথম প্রদর্শিত হওয়ার পর থেকেই দুই বাংলায় তুমুল আলোচনা তৈরি হয়। এরপর সিনেমা হলে মুক্তির পরও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমায় জুটি বেঁধেছিলেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। বাসু চ্যাটার্জি নির্মিত ২৭ বছর পর বাংলাদেশে রিমেক হচ্ছে সিনেমাটি।
এবার সিনেমার নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’। এটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা কামরুজ্জামান। সিনেমার পাশাপাশি এর গানগুলোও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ফেরদৌসের লিপে প্রতিটি গানই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিভিন্ন গানে আরও কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শিখা বসু ও স্বস্তিকা মিত্র।
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান। এমনটাই জানিয়েছেন পরিচালক কামরুজ্জামান। তিনটি গানের মধ্যে নচিকেতার গাওয়া দুটি গান নতুন করে গেয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা অপু আমান। ইতোমধ্যেই গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি।
এ সম্পর্কে অপু আমান বলেন, “নচিকেতা আমার ভীষণ প্রিয় শিল্পী। আর তার গাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার গানগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল দুই দেশেই। এবার রিমেক ভার্সনের দুটি গানে আমি কণ্ঠ দিয়েছি। আমি চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবে পারবেন।”
নির্মাতা কামরুজ্জামান জানান, ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার তিনটি গানের রিমেক হচ্ছে। নচিকেতার গাওয়া ‘ছোট ছোট স্বপ্নের নীল’ ও ‘সোনালি প্রান্তরে’ গান দুটি অপু আমানের একক কণ্ঠে শোনা যাবে। ‘একদিন স্বপ্নের দিন’ গানটি অপু আমানের সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি।
নির্মাতা বলেন, ‘গানের কথা ও সুর একই রেখে নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এ ছাড়া নতুন তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। ‘হঠাৎ বৃষ্টি’র মতো ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার গানগুলোও সবার মনে জায়গা করে নেবে।
‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করেছেন আরিয়ান সরোয়ার ও রাদিফা। আরও অভিনয় করছেন মৌ খান, কায়েস আরজু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির কথা রয়েছে।
/এমএস