বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন। বেজবাবা সুমন নামেই তুমুল পরিচিত তিনি। যিনি মূলত গায়ক ও বেজ গিটারিস্ট। কিন্তু অসুস্থতা যেন তার পিছু ছাড়ে না।প্রথমে ক্যানসার ধরা দিলেও পরে আরও বেশ জটিলতার মধ্যে থাকতে হয় তাকে। সুস্থ হলেও তাকে চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে ব্যাংককে। সাত মাসের ব্যবধানে সুমনের শরীরে ১১টি অস্ত্রোপচারও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে আবার ফিরেছেন গানে। স্টেজ শোতেও দেখা গেছে এই জনপ্রিয় ব্যান্ড তারকাকে। এবার সিনেমার গল্প লিখেছেন এই তারকা গায়ক ও গিটারিস্ট। আর তার গল্পের নায়িকা হিসেবে রুপালি পর্দা মাতাবেন ‘হাওয়া’খ্যাত চিত্রনায়িকা নাজিফা তুষি।
সিনেমার নাম ‘আন্ধার’। এটি নির্মাণ করবেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সিনেমার এই গল্পটি বেজবাবা সুমনের সঙ্গে যৌথভাবে লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। তবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। আগামী সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা রয়েছে। ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে দুই ঈদের বাইরে। সিনেমায় নাজিফা তুষির নায়ক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই তুষি ও সিয়ামকে সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, ‘আন্ধার’ মূলত ভৌতিক ঘরানার চলচ্চিত্র। সিনেমার গল্পকার সুমন, শাকিব ও আদনান তারা তিনজনেই ভৌতিক, হরর গল্প পছন্দ করেন। তিনজনের পরিকল্পনাতেই একেবারেই নতুন ভৌতিক গল্পটি লেখা হয়েছে। যে সিনেমাটি নির্মিত হবে বিগ বাজেটে। তবে থ্রিলার, রোমান্টিক ও অ্যাকশন সিনেমার বাইরে রাফী এবারেই প্রথম দর্শকদের সামনে আসছেন হরর গল্প নিয়ে। এ বিষয়ে রাফী গণমাধ্যমকে বলেছেন, ‘সব চূড়ান্ত করে বলবো। আগাম কিছু বলা ঠিক নয়।
আশা করছি দুই এক দিনের মধ্যে সবাইকে পুরো বিষয়টি জানাতে পারব।’ এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এর আগে ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’ নামের একটি ওয়েব ফিল্মে রাফীর পরিচালনায় কাজ করেছিলে তুষি।‘আন্ধার’ প্রসঙ্গে গণমাধ্যমকে তুষি বলেন, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারেন না, আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না, যা বলার, টিম এবং পরিচালকই বলবেন।’
/রোদসী