মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফট। কিছুদিন ধরে এই গায়িকাকে ঘিরে জোর গুঞ্জন ওঠে, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত স্পোর্টস কমেডি ‘হ্যাপি গিলমোর ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে তাকে। এমন গুঞ্জনে তারকার ভক্ত-অনুরাগীরাও বেশ উচ্ছ্বসিত ছিল। তবে এবার নিজ মুখেই সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটান টেলর সুইফট। জানিয়ে দেন, এমন কোনো কিছুই ঘটছে না।
এনএফএল তারকা প্রেমিক ট্র্যাভিস কেলেস ও তার ভাই জেসন কেলেসের সঞ্চালনায় ‘নিউ হাইটস’ পডকাস্টে যোগ দিয়ে সুইফট স্পষ্ট করে জানান, তিনি সিনেমাটিতে নেই। মজার ছলে এই সংগীতশিল্পী বলেন, ‘মানুষ ভাবে সিনেমায় ভাল্লুকের পোশাক পরে থাকা ব্যক্তিটি আমি ছিলাম। আসলে তা নয়। তবে এ ছবির সঙ্গে নিজের নামে গুঞ্জন শোনাও আমার জন্য সম্মানের। কারণ হ্যাপি গিলমোর ছবিটি আমি খুব ভালোবাসি এবং বহুবার দেখেছি।’
তাই এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে না থাকলেও সিকুয়েল ঘিরে আলোচনায় থাকতে পেরে আনন্দিত এই সংগীতশিল্পী। এর আগে জুলাই মাসে নিজের ইনস্টাগ্রামে ‘হ্যাপি গিলমোর ২’-এর প্রশংসা করে সুইফট লিখেছিলেন, ‘এ সিনেমাটি আমাকে আনন্দিত করেছে। আপনাদের অবশ্যই দেখা উচিত। যত দ্রুত সম্ভব নেটফ্লিক্সে দেখুন।’ এ সময় প্রেমিক ট্র্যাভিস কেলেসের হলিউড অভিষেকে অভিনয়েরও প্রশংসা করেন সুইফট। কেলেস ছবির ক্যামিওতে এক ওয়েটারের ভূমিকায় হাজির হয়েছেন।
এর আগে ২০২৫ সালের ২৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায় স্পোর্টস কমেডি ‘হ্যাপি গিলমোর ২’। এটি পরিচালনা করেছেন কাইল নিউচেক। চিত্রনাট্য লিখেছেন টিম হার্লিহি ও অ্যাডাম স্যান্ডলার। এর মূল ছবি ‘হ্যাপি গিলমোর’ মুক্তি পায় প্রায় তিন দশক আগে ১৯৯৬ সালে। সেই ছবিতে অভিনয় করা অ্যাডাম স্যান্ডলার, জুলি বোয়েন, ক্রিস্টোফার ম্যাকডোনাল্ড, বেন স্টিলার ও ডেনিস ডুগান দ্বিতীয় কিস্তিতেও আছেন। এ ছাড়া নতুন চরিত্র হিসেবে সিনেমায় আরও অভিনয় করেছেন বেনি সাফডি ও ব্যাড বানি।
পডকাস্টে সুইফট গুঞ্জনের অবসান করা ছাড়াও ভক্তদের একটি সুখবর দিয়েছেন। পডকাস্টের এ পর্বটি প্রচারের আগের দিন সুইফট ইনস্টাগ্রামে তার আসন্ন স্টুডিও অ্যালবামের নাম প্রকাশ করেন। ১২তম এ স্টুডিও অ্যালবামটির নাম হবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
/এমএস