হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। ২০১৫ সালে প্রাক্তন স্বামী ব্যাটম্যান তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। এর পর থেকে ৭ বছর ধরে ব্যবসায়ী জন মিলারের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে এবার তারা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। অবাক করার বিষয় হলো, গার্নারের এমন সিদ্ধান্ত গ্রহণে তার প্রাক্তন স্বামী ও অভিনেতা বেন অ্যাফ্লেক নাকি অস্বস্তিবোধ করছেন। দেশটির সংবাদমাধ্যম থেকে এমনটাই জানা গেছে।
সম্প্রতি গ্লোব ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, জেনিফার লোপেজের সঙ্গে দাম্পত্য সংকটে শিরোনামে আসা অ্যাফ্লেক এখন তার প্রাক্তন স্ত্রীকে নতুন সম্পর্কে স্থায়ী হতে দেখতে প্রস্তুত নন। সেই প্রতিবেদন অনুযায়ী, গার্নার বর্তমানে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। তিনি ইতোমধ্যেই ভেন্যু, আমন্ত্রণপত্র, সংগীত এবং অতিথি তালিকা নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। তার বন্ধুরাও এটা খুব ভালো করে জানে যে, বিয়ের পরিকল্পনায় একদম হাঁটু গেড়ে বসেছেন এ হলিউড তারকা।
যদিও ব্যাটমান তারকা মনে করেছিলেন, গার্নার হয়তো চিন্তা-ভাবনা করার পর সিদ্ধান্তটি বাতিল করতে পারেন। তবে মনে হচ্ছে, সে পথে এগোচ্ছেন না এ তারকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, গার্নার বেশ কিছুদিন দ্বিধায় থাকলেও অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন- জন মিলারই তার ‘আত্মার সঙ্গী’।
প্রসঙ্গত, ‘ডেয়ারডেভিল’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় ২০০৩ সালে প্রাক্তন দম্পতি গার্নার ও অ্যাফ্লেকের প্রথম পরিচয় হয়। পরের বছর থেকে তারা ডেটিং শুরুর পর ২০০৫ সালে বিয়ের পিঁড়িতে বসেন। এ দম্পতির তিন সন্তান রয়েছে- দুই মেয়ে ভায়োলেট ও সেরাফিনা এবং একটি ছেলে স্যামুয়েল। ২০১৫ সালে বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে গেলেও এখনো তারা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
/এমএস