এনটিভির শুক্রবারের বিশেষ নাটক হিসেবে আজ ২৯ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হতে যাচ্ছে নাটক ‘কেউ তো জানে’।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম। নাটকের গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন কাজী সাঈফ আহমেদ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাইমুনা ফেরদৌস মম, মানসী প্রকৃতি, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা ও কামরুজ্জামান সবুজ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, এলাকার বড় ব্যবসায়ী কামরুল। তার ঘরে সুন্দরী বউ রেহানা। বিয়ের ৭ বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান নেই। কামরুলের ব্যবসা দেখাশোনার কাজ করে রাজু। মা-বাবা হারা রাজু ছোট থেকেই এই বাড়িতে থাকে। রাজুকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে কামরুল। কামরুলের ব্যবসা দেখার পাশাপাশি রাজু পড়াশোনাও করে। একই গ্রামের সুমী কলেজে ভর্তি হয়েছে। রাজুর সঙ্গে সুমীর একটা সম্পর্ক আছে খুব গোপনে, যেটা কেউ জানে না। এদিকে কামরুলের খুব ঘনিষ্ঠ বন্ধুরা কামরুলকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেয়। প্রথম প্রথম পাত্তা না দিলেও ইদানীং কামরুল বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। একদিন কামরুলের এক বন্ধু সুমীর কথা জানায়। সুমীর বাবার সামাজিক অবস্থা খুবই খারাপ। সুমীর বাবার কাছেও প্রস্তাব যায়। এ কথা শুনে সুমীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কী করবে বুঝতে পারে না। কিন্তু কামরুল ঠিকই জানে সে কি করতে চলেছে।
জানতে চাইলে নাট্যকার - অভিনেতা পাভেল ইসলাম বলেন, ‘কেউ তো জানে আমার লেখা তৃতীয় নাটক। আমরা নাটকটির শুটিং করেছিলাম ঢাকার অদূরে নবাবগঞ্জের একটি পুরোনো জমিদার বাড়িতে। আশা করি, দর্শক একটি সুন্দর গল্পের নাটক দেখবেন।’ তিনি আরও বলেন, 'গল্পে একটি চমৎকার বার্তা আছে। সামাজিক ও পারিবারিক সমস্যার চিরাচরিত গল্প এটি।'
পাভেল বলেন, ‘এখনকার নাটকের ভালো মন্দ বিচার হয় ভিউ দেখে। কিন্তু সেদিক থেকে এই গল্পটি ব্যতিক্রম। তথাকথিত সস্তা ও ভাঁড়ামো নেই এই গল্পে।’
মাহমুদুল/মেহেদী/