বলিউডে ভিন্ন দুই ধর্মাবলম্বীর মাঝে বিয়ে নতুন কিছু নয়। সুপারস্টার শাহরুখ খান থেকে শুরু করে বলিউড নবাব সাইফ আলি খানসহ অনেক তারকাই ভিন্ন ধর্মাবলম্বীকে বিয়ে করে সুখে সংসার করছেন। এই তালিকায় নতুন সংযোজন, গত বছর অভিনেত্রী সোনাক্ষী সিনহা আরেক তারকা জহির ইকবালকে বিয়ে করেন। এই দম্পতির নানা খুনসুঁটির ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যায় সোনাক্ষীকে।
তবে দুজন আলাদা দুই ধর্মের হওয়ায় বারবার সমালোচনার মুখেও পড়েন তারা। অবশ্য সব সমালোচনার জবাবও দিয়ে আসছেন এ অভিনেত্রী। প্রতি বছরই সালমান খানের বাড়ির গণেশ পূজায় অংশ নেন সোনাক্ষী সিনহা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বলিউড ভাইজানের বাড়িতে স্বামীকে সঙ্গে নিয়ে আসেন তিনি।
বিসর্জনে নাচের পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করতেও দেখা যায় অভিনেত্রীকে। সোনাক্ষীর পরনে ছিল চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। অন্যদিকে তার স্বামী জহির ইকবালের পরনে ছিল প্যান্ট-শার্ট। তবে ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হন জহির। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অনেকেই টিটকারি করে মন্তব্যে লিখেছেন- ইচ্ছা নেই, শুধু শুধু জোর করে পূজা করছেন কেন?
আবার অনেকের দাবি- সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়ে পূজায় এসেছেন জাহির। অভিনেত্রী স্বামীর সঙ্গে গণেশ পূজার ভিডিও পোস্ট করতেই সমালোচনার ঝড় ওঠে। যদিও এ ধরনের কটাক্ষে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
বিয়ের পরপরই সোনাক্ষী স্পষ্ট বলে দেন- তাদের সম্পর্কে ধর্ম নয়, বরং ভালোবাসাটাই আসল। তারা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেও অভিনেত্রী জানিয়েছিলেন।
/এমএস