বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে সম্প্রতি অসুস্থতার কারণে কাজ থেকে একটি ছোট বিরতি নিয়েছেন। সঙ্গে প্রয়োজনীয় বিশ্রামের পর এখন তিনি ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ভক্তদের এমনটাই জানিয়েছেন এ তারকা।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে পূজাকে কম্বলে মোড়ানো অবস্থায় তার পোষা ফরাসি কুকুরটি কোলে নিয়ে বারান্দায় আরাম করতে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “অসুস্থতার দিনগুলো। কিছু বিশ্রাম এবং সুস্থতাই ছিল একমাত্র প্রয়োজন।”
পোস্টটিতে অভিনেত্রীর ভক্তরা শুভকামনা ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, সিনেমায় আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি।’’ অন্য একজন লিখেছেন, “চিন্তা করো না, হাসিমুখ থাকো রানী... তুমি ঠিক হয়ে যাবে।”

সম্প্রতি পূজা হেগড়েকে সুপারস্টার রজনীকান্তের তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা গেছে। বিখ্যাত নির্মাতা লোকেশ কানাগরাজ পরিচালিত ও চন্দ্রু আনবাঝাগান রচিত সিনেমাটির ‘মোনিকা’ গানে পূজার নাচ ও অভিনয় দর্শকদের দৃষ্টি কেড়েছে।
উল্লেখ্য, সামনে এই অভিনেত্রীকে বেশকিছু বড় বাজেটের ছবিতে দেখা যাবে। এর মধ্যে রয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক-কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। এই সিনেমায় পূজার সহ-অভিনেতা হিসেবে থাকছেন বরুণ ধাওয়ান। এছাড়া আরেক বলিউড সেনসেশন ম্রুণাল ঠাকুরও এতে অভিনয় করছেন। টিপস ফিল্মস প্রযোজিত এই ছবিটি আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘জন নায়ক’ ছবিতেও অভিনয় করেছেন পূজা। এইচ. বিনোথ পরিচালিত চলচ্চিত্রটিতে আরও আছেন থালাপতি বিজয়, ববি দেওল, মমিতা বৈজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ ও প্রিয়মণির মতো তারকারা।
এটি তামিল সুপারস্টার বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা।
/এমএস