জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। আগের তুলনায় বর্তমানে একটু কম কাজই করছেন তিনি। বিশেষ করে অভিনয়ের কথা বলতে গেলে মনের মতো গল্প ও চরিত্র পেলেই কেবল কাজ করেন এক সময়ের তুমুল ব্যস্ত এই তারকা অভিনেত্রী। তবে বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার পাশাপাশি নিত্যশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে।
এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন শখ। গত ১ ও ২ সেপ্টেম্বর দিন্যবাপী রাজধানীর শিশু একাডেমিতে ৪ থেকে ২৫ বছর বয়সের আগ্রহী নৃত্যশিল্পীদের নিয়ে একটি নৃত্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আয়োজিত ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
নৃত্য প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী শত শত নৃত্যশিল্পীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে একক নৃত্যের জন্য ৭০০ টাকা ও দলীয় নৃত্যের জন্য ৫০০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়েছে। দেশব্যাপী ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’য় বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণপদক দেওয়া হবে।
আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ীদের স্বর্ণপদক দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু, স্বাগত বক্তব্য দেবেন আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী।
ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর ক, খ ও গ বিভাগের ‘লোকনৃত্য’ (একক) প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের বিচারকার্য সম্পন্ন করেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। তার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ‘বাফা’র সিনিয়র নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী এবং সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।
প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শখ বলেন, ‘এর আগে আমিও একই প্রতিযোগিতার বিচারক হিসেবে পরপর তিন বছর কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে এই বছর প্রতিযোগীর সংখ্যা যেমন বেড়েছে তেমন প্রত্যেক প্রতিযোগীই নিজেদের শতভাগ পারফেক্টলি উপস্থাপন করার চেষ্টা করেছে। এখান থেকেই বেরিয়ে আসবে আমাদের আগামীর নৃত্যশিল্পীরা। আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো।’
রুহী বলেন, ‘এর আগেও আমি এই আয়োজনে তিনবার বিচারকের ভূমিকায় কাজ করেছিলাম। এবারও যথারীতি বিচারক হিসেবে কাজ করেছি। এবারের প্রতিযোগিতায় দেশের নানা অঞ্চল থেকে বেশ ভালো ভালো প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আগের বছরগুলোর চেয়ে এবার প্রতিযোগীরা নাচে বেশ ইমপ্রুভ করেছে। শুধু তাই নয়, কোন নাচে কোন পোশাক পরিধান করতে হবে সে বিষয়েও বেশ ভালো খেয়াল রেখেছে প্রত্যেক প্রতিযোগীই। এবারের প্রতিযোগিতা নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
এদিকে শখ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’ আগামী ৯ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে।
/এমএস