এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। রেওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই লাক্স সুন্দরী। এরপর চুপিসারে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তবে এই সিনেমাটি নিয়ে এখনো পরিষ্কার করে কিছু বলেননি এই অভিনেত্রী। তবে সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ সময় ধরে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং করেছেন তুষি। শুটিং সম্পর্কে জানতে চাইলে খবরের কাগজকে তুষি বলেছিলেন, ‘খুব ভালো সময় কেটেছে। খুব ভালো কাজ হয়েছে। আশা করছি, দারুণ কিছু হবে।’
এবার ‘আন্ধার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই জনপ্রিয় নায়িকা। এই সিনেমার কাজের বিষয়ে আগেই জানিয়েছেন তুষি। এটি নির্মাণ করছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সিনেমার গল্প লিখেছেন অর্থহীনের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন। তার সঙ্গে যৌথভাবে লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। তবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। এই সিনেমায় তুষির নায়ক হিসেবে দেখা যাবে সিয়াম আহমেদকে।
জানা গেছে, ‘আন্ধার’ মূলত ভৌতিক ঘরানার চলচ্চিত্র। সিনেমার গল্পকার সুমন, শাকিব ও আদনান তারা তিনজনেই ভৌতিক, হরর গল্প পছন্দ করেন। তিনজনের পরিকল্পনাতেই একেবারেই নতুন ভৌতিক গল্পটি লেখা হয়েছে। যে সিনেমাটি নির্মিত হচ্ছে বিগ বাজেটে। তবে থ্রিলার, রোমান্টিক ও অ্যাকশন সিনেমার বাইরে রাফী এবারেই প্রথম দর্শকদের সামনে আসছেন হরর গল্প নিয়ে।
এর আগে ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’ নামে একটি ওয়েব ফিল্মে রাফীর পরিচালনায় কাজ করেছিলে তুষি। শুটিং শুরু হলেও সেটা গোপন রেখেছেন নির্মাতা। কারণ নির্মাতা চান না এবার সিনেমার কোন দৃশ্য বা অভিনয়শিল্পীর লুক ফাঁস হয়ে যাক। তাই কঠোর গোপনীয়তার মধ্যেই ঢাকার অদূরে এর শুটিং শুরু হয়েছে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর নির্মাণকাজ চলবে।
শুরুতে এই সিনেমায় অভিনয় করার কথা ছিল আফরান নিশো। তবে এই সিনেমার কাজটি করছেন না নিশো। সিয়াম-রাফী জুটি এর আগে ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘দামাল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ফারজানা ছবি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমার একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন, রাফীর ‘আন্ধার’ সিনেমায় জামিলা চরিত্রে অভিনয় করছেন ছবি।
ছবিটির গল্প ও চিত্রনাট্যের পাশাপাশি প্রযোজনাও করছেন চৌধুরী ফজলে সাকিব এবং আদনান আদিব খান। তাদের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন সারাহ আলী। সিনেমাটি দুই ঈদের যেকোনো একটিতে মুক্তি পাবে বলে জানা গেছে। উল্লেখ্য, সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবেও কাজ করছেন নাজিফা তুষি।
/আবরার জাহিন