বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ চলতি বছরের জুনে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। গত ১৯ জুন দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। এই নবজাতকের জন্মের পর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার দ্বিতীয় মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ইলিয়ানা জানান, ছেলে জন্মের পর শারীরিকভাবে সব ঠিক থাকলেও মানসিকভাবে তাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।
ইলিয়ানা জানান, প্রথমবার অভিজ্ঞতার পর দ্বিতীয়বার সবকিছু নিয়ে তিনি অনেক বেশি প্রস্তুত ছিলেন। একই হাসপাতাল ও চিকিৎসকের কাছে সন্তান জন্ম দেওয়ায় প্রক্রিয়াটি তার কাছে পরিচিতও ছিল। তবে এবার তিনি সিদ্ধান্ত নেন, এপিডিউরাল ছাড়া স্বাভাবিকভাবে প্রসব করবেন। এ প্রসঙ্গে রুস্তমখ্যাত এই তারকা জানান, নার্সের সহায়তায় পরিকল্পনা করে তা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হন তিনি। এমনকি সন্তান জন্মের পরদিনই হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন।
ইলিয়ানা আরও যোগ করেন, প্রথমবারের চেয়ে শারীরিক দিক থেকে দ্বিতীয়বারের অভিজ্ঞতা তুলনামূলক সহজ ছিল। কিন্তু মানসিকভাবে এটি তার কাছে আরও কঠিন হয়ে ওঠে। অভিনেত্রী বলেন, ‘প্রথমবার সবকিছু নতুন হওয়ায় মানিয়ে নিতে সময় লেগেছিল। প্রথমবার আপনি সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করবেন। মনে হবে আপনি অবিবাহিত নারী থেকে হঠাৎ করেই সন্তান জন্ম দিয়েছেন। এখন আপনাকে যত্ন নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে শিশুটি সুস্থ এবং ভালো আছে।
কিন্তু দ্বিতীয়বার এটি কেবল একটি শিশু নয়, এটি আপনার বাচ্চা। এক্ষেত্রে শারীরিকভাবে নিজের শক্তি খুঁজে বের করার চেষ্টা থাকে। এই সময়টা ভীষণ কঠিন। যদিও আমি জানতাম কী ঘটতে চলেছে, এরপরও মানসিকভাবে এটা আমার জন্য সহজ ছিল না। দায়িত্ব, শরীর ও মানসিক অবস্থার চাপ একসঙ্গে সামলানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল।’
মুম্বাইকে মিস করা প্রসঙ্গে ইলিয়ানা বলেন, ‘একটা বাচ্চা লালন-পালনের জন্য একটি গ্রাম লাগে- এটা সত্যি। আর তাই আমি মুম্বাইকে খুব মিস করি। শুধু সাহায্যই নয়, সেখানে আমার বান্ধবীরাও আছে। যারা আমাকে খুব ভালো বুঝতে পারে। এটা খুবই জরুরি।’ তবে তিনি বর্তমানে নিজের জীবনের এই নতুন পর্বকেও উপভোগ করছেন বলে উল্লেখ করেন।
/এমএস