মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের মধ্য দিয়ে ২০০০ সালে প্রথম বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। দুই বছর পর ২০০২ সালে বলিউড ও তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। বর্তমানে এই তারকা বলিউড ও হলিউডে নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন হিন্দি সিনেমার এই ‘দেশী গার্ল’।
তবে প্রিয়াঙ্কার চলচ্চিত্রে উত্থানের এই যাত্রা মোটেই সহজ ছিল না। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও হিন্দি সিনেমায় নিজের জায়গা পাকাপোক্ত করেন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে গ্লোবাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দি সিনেমায় নিজের শুরুর দিককার অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা আলাপ করেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর পাশাপাশি কিভাবে প্রযোজক হলেন শুনিয়েছেন সে গল্প।
প্রিয়াঙ্কা জানান, চলচ্চিত্র শিল্পে নতুনদের জন্য জায়গা পাওয়া একসময় ছিল ভীষণ কঠিন। আর এই অভিজ্ঞতাই তাকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
অভিনেত্রী বলেন, ‘বলিউড একসময় বাইরের লোকদের জন্য একেবারেই বন্ধ ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা কাজ করে আসছিলেন। কোনো সম্পর্ক বা পরিচয় না থাকলে সুযোগ পাওয়া ছিল দুঃসাধ্য। তবু হাল ছাড়িনি আমি। আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, ব্যর্থতা মেনে নিতে চাইনি, তাই লেগে থেকেছি। আমি যে জায়গা পাইনি, সেই জায়গা অন্যদের দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান গড়েছিলাম। অনেক মেধাবী নির্মাতা ও লেখক আছেন যারা সুযোগ পান না। তাদের পাশে দাঁড়াতে চেয়েছি।’ জীবনের এই সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়েই ২০১৫ সালে প্রিয়াঙ্কা প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স।
প্রতিষ্ঠার পরের বছরই তার প্রযোজিত প্রথম সিনেমা ছিল ভোজপুরি ভাষার ‘বাম বাম বল রহা হ্যায় কাশি’ (২০১৬)। পরবর্তীতে ‘ভেন্টিলেটর’, ‘পাহুনা: দ্য লিটল ভিজিটর্স’ (২০১৮), ‘পানি’ (২০১৯) সহ একাধিক ভাষার সিনেমা প্রযোজনা করেন এই তারকা। ‘দ্য স্কাই ইজ পিংক’ এবং ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা প্রযোজনাও করেন। এর মধ্যে ‘ভেন্টিলেটর’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেয়।
অভিনয়ের ক্ষেত্রে ‘সিটাডেল’ সিরিজের দ্বিতীয় মৌসুমের শুটিং শেষে শিগগিরই প্রিয়াঙ্কাকে ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের অ্যাকশন ড্রামা সিনেমা ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে। সেই সঙ্গে নিজ দেশের খ্যাতিমান পরিচালক এস. এস. রাজামৌলির বহুল আলোচিত ছবি ‘এসএসএমবি ২৯’-এও অভিনয় করছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
/এমএস