বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় মারা গেছেন। ভারতের আসামের এই গায়ক ২০০৬ সালে ইমরান হাশমির ‘গ্যাংস্টার’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়া আলি’ গেয়ে গোটা উপমহাদেশে সাড়া ফেলে দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, জুবিন ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে প্যারাগ্লাইডিংয়ের সময় সমুদ্রে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তাকে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।
জুবিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে আসামের মন্ত্রী আশোক সিংহল তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আসাম শুধু একটি কণ্ঠ নয়, তার হৃদস্পন্দন হারিয়েছে। জুবিন ছিলেন আসামের এবং সমগ্র জাতির গর্ব, যিনি তার গানে আমাদের সংস্কৃতি, আবেগ ও আত্মাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন। তার সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে আনন্দ, সান্ত্বনা ও পরিচয়। তার প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আর কখনো পূরণ হবে না।’
এরপর গায়কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশোক সিংহল আরও লেখেন, ‘পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মা যেন চিরশান্তিতে থাকে এবং তার উত্তরাধিকার চিরকাল প্রেরণা হয়ে থাকুক।’
জুবিন গার্গ ১৯৭২ সালের ১৮ নভেম্বর আসামের জোরহাটে জন্মগ্রহণ করেন। ভারতের অন্যতম জনপ্রিয় এই প্লেব্যাক সিঙ্গার, সুরকার, গীতিকার ও অভিনেতা ভারতের বিভিন্ন ভাষায় হাজারের বেশি গান গেয়েছেন।
/এমএস