জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। কয়েক দিন আগেই নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এখনো নতুন গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করে থাকেন এই গানের পাখি। আজ ২৬ সেপ্টেম্বর আবারও স্টেজ শোতে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করবেন সাবিনা ইয়াসমীন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি করপোরেট শোতে আজ গান পরিবেশন করবেন তিনি। তার সঙ্গে এই প্রজন্মের আরও কয়েকজন শিল্পীও গাইবেন।
সাবিনা ইয়াসমীন বলেন, ‘এখনো বেশ ভালো লাগা নিয়ে স্টেজ শোতে গান গেয়ে যেতে পারছি, শ্রোতা-দর্শককে গানে গানে মুগ্ধ করে যাচ্ছি- এটাই আসলে অনেক আনন্দের। কারণ আমি সারা জীবন শ্রোতা-দর্শকের জন্যই গান গেয়েছি। কিছুদিন আগেও আমার জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির আয়োজনে আমাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এবং আমার একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। বলা যেতে পারে, এই আয়োজনটি ছিল আমার সংগীতজীবনের স্মরণীয় একটি আয়োজন। অনেক সিনিয়র শিল্পীরাও এই আয়োজনে আমার ঠিক পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। কেউ কেউ আবার আমার সঙ্গে মঞ্চে গানও গেয়েছিলেন। এই যে ভালোবাসা, এর কোনোই তুলনা হয় না। আজও হয়তো এমন ভালোবাসায় সিক্ত হব আমি। গানে গানে আমন্ত্রিত শ্রোতা-দর্শককে মুগ্ধ করার চেষ্টা করব আমি। ইনশা আল্লাহ সবার সঙ্গে দেখা হবে।’
সাবিনা ইয়াসমীন আরও জানান, আগামী অক্টোবরে দেশের বাইরে আরও একটি বড় শোতে সংগীত পরিবেশন করতে যাবেন। আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না। উল্লেখ্য, প্রয়াত বরেণ্য সুরকার-সংগীত পরিচালক রবিন ঘোষের সংগীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন।
তবে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় আলতাফ মাহমুদের সংগীত পরিচালনায় ‘মধু জোছনা দীপা’ গানটি গাওয়ার মধ্য দিয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বরেণ্য এই শিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারসহ সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
/এমএস