দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, লেখক রাহুল মোদীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যদিও সেই বিষয়ে কখনোই সরাসরি মুখ খোলেননি দুজনের কেউ। তবে বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ক্যামেরবন্দি হতে দেখা গেছে। একাধিকবার একসঙ্গে বিমানভ্রমণও করেছেন। সবশেষ কিছুদিন আগেও শ্রদ্ধার ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুলকে ট্যাগ করে একটি ভিডিও শেয়ার করেছিলেন এই বলি অভিনেত্রী।
এবার বাতাসে জোর গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা। ভারতীয় গণমাধ্যমের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এ অভিনেত্রী। পাত্র হিসেবে শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীর নাম। অনেকদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন বরাবরই এড়িয়ে গেছেন শক্তি কাপুর কন্যা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। মুহূর্তটি ভাইরাল হতেই নতুন করে তাদের বিয়ের গুঞ্জন চাউর হয়। এরপর থেকেই বলিউডে জোর আলোচনা, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। তবে আসলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কি না, সেটা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল কেউই।
এদিকে, শ্রদ্ধা ঘোষণা করেছেন, জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘স্ত্রী’-এর চরিত্রকে ঘিরে নির্মিত হচ্ছে অ্যানিমেশন ছবি ‘ছোট স্ত্রী’। শুক্রবার মুম্বাইয়ে ম্যাডক ফিল্মসের নতুন ছবি ‘থামা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শ্রদ্ধা এই ঘোষণা দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রযোজক দীনেশ বিজান এবং আয়ুষ্মান খুরানা।
এ সম্পর্কে ছবির প্রযোজক দীনেশ বিজান বলেন, ‘এটি অ্যানিমেশন থেকে লাইভ-অ্যাকশন ছবিতে রূপ নেবে এবং স্ত্রী চরিত্রের অতীত সম্পর্কিত বহু প্রশ্নের উত্তর দেবে। এটি ‘স্ত্রী ৩’ মুক্তির প্রায় ছয় মাস আগে প্রকাশিত হবে।’ ২০১৮ সালে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ দিয়ে এই হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির সূচনা হয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
/এমএস