ভারতের বেঙ্গালুরুতে নির্মাতা, প্রযোজক ও অভিনেতা বিআই হেমন্ত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক অভিনেত্রীকে যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক ভয় দেখানোর মামলা করা হয়েছে। বর্তমানে তাকে বিচার বিভাগীয় কারাগারে রাখা হয়েছে এবং তদন্ত চলমান আছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, সেই অভিনেত্রীর অভিযোগ- ২০২২ সালে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন হেমন্ত। তখন অভিনেত্রীকে ‘থ্রি’ নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এবং পারিশ্রমিক হিসেবে দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর ওই অভিনেত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির সময় ৬০ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয় অভিনেত্রীকে।
এর প্রেক্ষিতে সেই ভুক্তভোগী আরো জানান, হেমন্ত শুটিং বেশ বিলম্ব করেছিলেন এবং তাকে খোলামেলা পোশাক পরতে ও অশ্লীল দৃশ্য করতে জোর করেন এবং হয়রানি শুরু করেন। শুটিংয়ের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এমনকি ফিল্ম চেম্বারের মধ্যস্থতায় শুটিং শেষ করার পরও তাকে হয়রানি ও ভয় দেখানো অব্যাহত রাখেন এই নির্মাতা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে মুম্বাইয়ে একটি প্রোমোশনাল অনুষ্ঠানে তার পানীয়তে মদ মিশিয়েছিলেন হেমন্ত। তারপর মদ্যপ অবস্থায় ছবি তুলেন ও ভিডিও করেন। যা পরবর্তীতে ব্যবহার করে ব্ল্যাকমেইল করেন অভিনেতা।
এসব কাজে অস্বীকৃতি জানানোয় অভিনেত্রীকে হুমকি দেওয়া হয় এবং সন্ত্রাসী দিয়ে তাড়া করা হয়। এমনকি তার মাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।