আলোচিত বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রনৌত। বলিউডের ‘কুইন’ খ্যাত এই তারকা যদিও অভিনয়ের চেয়ে অদ্ভুত সব মন্তব্যের জন্য বেশি সংবাদের শিরোনাম হন। ঠোঁটকাটা স্বভাবের জন্য ইন্ডাস্ট্রিতে তার বিশেষ পরিচিতিও আছে। এবার রাজনীতি নিয়ে চমকপ্রদ এক মন্তব্য করেছেন বিজেপির এই এমপি।
সম্প্রতি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতের অভিনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। এমন সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তার রোজগার কমে গেছে। তাই ওই পদে ইস্তফা দিয়ে পুরোনো পেশা অভিনয়েই ফিরতে চান তিনি। দেশটির কেন্দ্রেীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সুরেশ গোপী গত রবিবার এ কথা বলেন।
এরই প্রেক্ষিতে রাজনীতিকে ‘কম বেতনের কাজ’ বলে মন্তব্য করেছেন কঙ্গনা। সুরেশ গোপীর বিবৃতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘রাজনীতি একটি অত্যন্ত পরিশ্রমের পেশা এবং সবচেয়ে কম বেতনের চাকরি। এখানে খরচ প্রচুর। শিল্পীরা যদি তাদের নিজস্ব পেশাতেও সময় দেন, তাহলেও তাদের নিয়ে উপহাস করা হয়। এমন পরিস্থিতি চলতে থাকলে কোনো সৎ এবং সফল মানুষ জনগণের কল্যাণে কাজ করতে আসবে না। মানুষের উচিত রাজনীতিতে কর্মরত পেশাদারদের সম্পর্কে নিজেদের ধারণা পরিবর্তন করা।’
উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রনৌত গত বছর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এ ছাড়া অফিস বা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও রাজনীতিবিদদের তাদের নিজস্ব পেশায় কাজ করার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন এই বলিউড তারকা। পাশাপাশি বর্তমানে তিনি রাজনীতি খুব বেশি উপভোগও করছেন না বলে জানান। তবে এর সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন তিনি।
অভিনয়ে কঙ্গনাকে সবশেষ দেখা গেছে চলতি বছরের শুরুতে মুক্তিপ্রাপ্ত ‘ইমার্জেন্সি’ সিনেমায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি কঙ্গনা এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেন।
/এমএস