এক যুগেরও বেশি সময় পর মঞ্চে ফিরছে নাট্যদল পালাকারের প্রযোজনা ‘ডাকঘর’। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ‘ডাকঘর’ নাটকের নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। ১৭ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি দুটি প্রদর্শিত হবে।
গল্পে দেখা যাবে, শরতে প্রাণের উৎসবে মেতেছে ছেলের দল। এর মাঝেই গগন হরকরার গানে উদাসী সুর বাজে, সঙ্গে বাজে মাধবদত্তের হৃদয়। কবিরাজের চেষ্টা মাধবের হৃদয়কে বাঁধতে পারে না। মুক্ত প্রাণের কলরবকে সঙ্গী করে হাজির হয় ঠাকুরদা। বদ্ধ প্রাণের প্রতি বড় বিরূপ আচরণ তার। ঠাকুরদা চলে গেলে মাধবের প্রাণ প্রতিষ্ঠা পায় পাখিরূপে।
আর এই প্রাণ পাখির রূপান্তরই অমল। স্বপ্নচারী অমলের মুক্ত হওয়ার আকুতি। মাধবের ভেতরের রুদ্ধ অমল মুক্তির প্রতীক্ষায় কখনো কাঁদে। অমল আর মাধবের মাঝে জমে ওঠে খুনসুটি। একজন নিরেট বাস্তববাদী আর অন্যজন কল্পনাপ্রবণ।
নাটকের নির্দেশক শামীম সাগর বলেন, ‘আমাদের ছোট্ট শরীরটার পানে বিরাট বিশ্ব-শরীরের একটা আনন্দের টান কাজ করছে সব সময়। এটা পূর্ণতার আকর্ষণ। এই পূর্ণতাপ্রাপ্তি যদি ঘটে কারও, তখন স্বজনহারাদের বুকে বাজে হাহাকার। কিন্তু কোনো মৃত্যুই নিঃশেষের কথা বলে না। সীমাবদ্ধ জীবন থেকে অসীমে যাবার মুক্তির চিঠি হচ্ছে মৃত্যু। মুক্তি সব সময়ই আনন্দের। আর এই আনন্দে মেতে ওঠার উৎসবেই মেতেছি আমরা ডাকঘরে।’
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ফেরদৌসী শর্মী, ফরহাদ লিমন, সুমন, আশিক, শুভ, নাহিদা শারমীন, নাহরিন, ইকতারুল, তুহিন, সেতু, শাহজাহান, পিটার, রবিন ও আমিনুর রহমান মুকুল।
নাটকের মঞ্চ পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল, আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, কোরিওগ্রাফিতে সুমি ডরথী রোজারিও, বেশভূষা পরিকল্পনায় রয়েছেন নাহিদা শারমিন ও চারু পিন্টু।
/আবরার জাহিন