বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গতকাল ভারতের গণমাধ্যমে খবর রটে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি! এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করতেও দেখা গেছে। তবে পরবর্তীতে জানা গেছে, এসবই আসলে গুজব।
এর মধ্যে ভারতের কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি নাকি ভেন্টিলেশনে রয়েছেন। তবে হাসপাতালের পক্ষ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
বাবা ধর্মেন্দ্রকে নিয়ে এসব গুজব রটানোয় এবার ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে এশা দেওল। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘‘গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা রকম খবর ছড়িয়ে পড়েছে। দুঃখের বিষয়, এই প্রতিবেদনগুলির অনেকটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এত দ্রুত ভুল তথ্য ছড়িয়ে পড়ে যে তার ফলে অযথা উদ্বেগ ও গুজব তৈরি হয়েছে, যা আমাদের পরিবারের জন্য এবং বাবার অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য খুব কষ্টদায়ক।’’
এশা বলেন, ‘‘আমি সবাইকে জানাতে চাই- আমার বাবা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, এবং আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সকল চিকিৎসক ও সেবাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা তার যত্ন নিচ্ছেন অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে।
এই মুহূর্তে আমাদের পরিবারের সবচেয়ে বড় প্রয়োজন- কিছুটা ব্যক্তিগত সময় ও মানসিক শান্তি, যাতে আমরা বাবার দ্রুত আরোগ্যের দিকে মনোযোগ দিতে পারি। তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি, সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ যেন দয়া করে যাচাই বাছাই না করা খবর ছড়ানো থেকে বিরত থাকেন এবং আমাদের এই কঠিন সময়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেন।’’
/এমএস