নন্দিত অভিনেত্রী ও মডেল বিজরী বরকতউল্লাহ। অভিনয়ের পাশাপাশি অনেক বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় কাজ করেননি এই অভিনেত্রী। এজন্য কিছুটা আক্ষেপও রয়েছে তার। তবে সিনেমায় নিয়মিত কাজ করতে চান তিনি। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন বিজরী। এবার তিনি জানালেন অনেক দিন পর আবারও সিনেমায় অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
নতুন এই সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। তবে সিনেমার টিম থেকে আপাতত এ বিষয়ে বিস্তারিত বলা নিষেধ আছে বিধায় তিনি আপাতত বিস্তারিত বলতে নারাজ। কিন্তু সিনেমাটিতে কাজ করে তিনি ভীষণ খুশি। কারণ তার অভিনীত চরিত্রটি তার ভীষণ পছন্দ হয়েছে। সিনেমাটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী। কিছুদিনের মধ্যেই সিনেমাটির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সবাই।
এদিকে আজ ১৫ নভেম্বর বিজরী বরকতউল্লাহর জন্মদিন। এ উপলক্ষে তার স্বামী অভিনেতা ইন্তেখাব দিনার তাকে নিয়ে থাইল্যান্ডে গিয়েছেন। সেখানেই বিজরীর জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করেছেন দিনার, এমনটাই জানালেন এই অভিনেত্রী। জন্মদিন উদযাপন শেষে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন বিজরী-দিনার।
২০১৩ সালের ১৪ এপ্রিল রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজধানীর একটি ক্লাবে পরে ২০১৩ সালের ১৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা হয়েছিল।
জন্মদিন ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, ‘এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করছি ইনশাআল্লাহ, আর এ জন্য পুরোটা ক্রেডিটই দিনারের। কারণ তারই আগ্রহে এবার কিছুটা দিন আমরা থাইল্যান্ডে নিজেদের মতো সময় কাটাব। আমি আগেও বলেছি- দিনার খুব সুন্দর মনের একজন মানুষ। খুব সাধারণ জীবনযাপনে সে অভ্যস্ত এবং স্পষ্টবাদী। তার বিশেষ এই গুণগুলো আমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। এখনো দিনার ঠিক তাই। আর এরই মধ্যে আমি একটি সিনেমাতেও অভিনয় করেছি। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী।’
উল্লেখ্য, মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে বাচ্চাদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান বিজরী। তবে ১৯৮৮ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় অভিনেত্রী, লেখক জাহানারা ইমামের আগ্রহে ‘সুখের ছাড়পত্র’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। নাটকটি প্রযোজনা করেছিলেন তারই বাবা বরকতউল্লাহ। ১৯৯৩ সালে পরিণত বয়সে বিজরী প্রথম অভিনয় করেন জনপ্রিয় ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে। প্যাকেজ নাটকে বিজরী প্রথম অভিনয় করেন আব্দুস সাত্তার পরিচালত ‘মেঘ কালো’ নাটকে।
/এমএস