মার্কিন পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে সাত বছর পর তার প্রথম অ্যারেনা ট্যুরে মঞ্চে ফিরছেন। এই গায়িকার আসন্ন ‘ইটারনাল সানশাইন’ সফরকে তিনি খুব বিশেষ একটি আয়োজন বলে উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি ‘গুড হ্যাং উইথ অ্যামি পোহলার’ শিরোনামের একটি পডকাস্টে হাজির হন। সেখানেই দেওয়া সাক্ষাৎকারে গ্রান্ডে জানান, ভবিষ্যতে আর কোনো ট্যুরে এই গায়িকাকে দেখা নাও যেতে পারে।
এই টোয়াইলাইট জোন তারকা বলেন, “এবারের ট্যুরটি আমার গত ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। তবে এতটুকু জানি, এই ছোট সফরটি নিয়ে আমি ভীষণ উত্তেজিত। কিন্তু মনে হয়, এটি অনেক দীর্ঘ সময়ের জন্য আমার শেষ ট্যুর হতে পারে। তাই আসন্ন এই সফরে আমি আমার সর্বস্ব দিতে যাচ্ছি এবং এটি দুর্দান্ত হতে চলেছে। ট্যুরটি নিয়ে আমি উদগ্রীব হয়ে আছি, এটা ‘একটা শেষ ঝাঁকুনি’ হতে চলেছে!”
‘ইটারনাল সানশাইন’ শিরোনামের মিউজিক্যাল ট্যুরটি ২০২৬ সালের ৬ জুন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে শুরু হবে এবং লস অ্যাঞ্জেলেস, অস্টিন, আটলান্টা, ব্রুকলিন ও বোস্টনসহ বিভিন্ন মার্কিন শহরে অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট শিকাগো শোর মাধ্যমে উত্তর আমেরিকার অংশ শেষ করবেন তিনি। এ ছাড়া এই গায়িকা লন্ডনে টানা ১০টি শো করবেন।
এদিকে, ‘মিট দ্য প্যারেন্টস’ ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে নির্মিতব্য কমেডি সিনেমা ‘ফকার ইন-ল’-এ নিজের চরিত্র নিয়েও কথা বলেন গ্রান্ডে। তিনি জানান, ছবিতে তার চরিত্র একজন ট্রায়াথলিট। রসিকতার ছলে গ্রান্ডে বলেন, ‘‘গতকাল রবার্ট ডি নিরোর সঙ্গে ‘বার্পি’ আর ‘হাই নিজ’ (কষ্টসাধ্য বোঝাতে) করে কাটিয়েছি। আমি ভাবছিলাম- এই সিনেমা আসলে কী? আমরা কী করছি? কিন্তু সত্যি বলতে দারুণ লাগছে। এটা সত্যিই বিশেষ।”
ছবিটিতে কাজ করতে রাজি হওয়ার কারণ প্রসঙ্গে আরিয়ানা জানান, আমি এই ছবিতে কাজ করছি, কারণ এর চিত্রনাট্য পড়ে আমার খুব ভালো লেগেছে। সিনেমায় আমার চরিত্রটি খুবই পছন্দ হয়েছে, কাজটি করতে আর তর সইছে না। ছবিটি নিয়ে অনেক আশাবাদী আমি।
/এমএস