‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। দক্ষিণী চলচ্চিত্রকে নিয়ে গেছেন তিনি অনন্য এক উচ্চতায়। এবার ধর্মীয় আঘাতের অভিযোগ এনে এই নির্মাতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মুক্তিপ্রতিক্ষীত ‘বারাণসী’র ট্রেলার প্রকাশের সময় হনুমানকে কটাক্ষ করে লোকজন চটিয়েছেন। সেই মন্তব্যের কারণেই এবার তার নামে দায়ের করা হয়েছে এফআইআর।
জানা গেছে, ঘটনার শুরু ‘বারাণসী’র ট্রেলার মুক্তির সময়। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটির ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগের সমস্যায় ট্রেলার মুক্তিতে সাময়িক জটিলতা তৈরি হয়। এ সময় রাজামৌলির বক্তব্য নেটিজেনদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তিনি বলেছিলেন, ‘আমার ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই। আমার বাবা বলতেন হনুমানজি আমাদের রক্ষা করেন। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর আমার হনুমানজির কাছে জিজ্ঞাস্য তিনি আমাকে কীভাবে রক্ষা করবেন?’
রাজামৌলির আরও বলেছিলেন, ‘বাবার মতো স্ত্রী-ও হনুমানজিকে বিশ্বাস করেন। ও তো আবার হনুমানজিকে বন্ধু মনে করে। তার সঙ্গে কথা বলে। এসব দেখলে আমার রাগ হয়।’
নির্মাতার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি করে। এরপরই ভারতের রাষ্ট্রীয় বানর সেনা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি রাজামৌলি।
‘বারাণসী’র সিনেমার মাধ্যমে ছয় বছর পর ভারতীয় সিনেমায় অভিনয়ে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু।
/এমএস