এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল (২৫ নভেম্বর) গণমাধ্যমে বিয়ের তথ্যটি গায়িকা নিজেই নিশ্চিত করেন। গত সোমবার (২৪ নভেম্বর) শুভংকর সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূজা। শূভংকর পেশায় একজন মডেল ও চাকরিজীবী।
পূজা জানান, এক বছরের পরিচয় ও বন্ধুত্বের পর পারিবারিকভাবেই দুজনে বিয়ের পিঁড়িতে বসেন। সঙ্গে তাদের নতুন জীবনের জন্য সকলের কাছে আশীর্বাদও চেয়েছেন এই কণ্ঠশিল্পী।
বর্তমানে দেশে যে কজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আছেন তাদের মধ্যে পূজা অন্যতম। ইতোমধ্যে ইউটিউবে তার ১০টিরও বেশি গান ভিউয়ের দিক থেকে কোটি ছাড়িয়েছে। জনপ্রিয় এই গানগুলোর তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘তোমায় ছেড়ে’।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুর সঙ্গে সাত পাকে বাধা পড়েন পূজা। কিন্তু চার বছর সংসার করার পর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর মাঝে প্রায় চার বছর বিরতির পর অবশেষে নতুন করে জীবন শুরু করলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
/এমএস