সম্প্রতি মুক্তি পেয়েছে কৃতি শ্যানন ও ধানুশ অভিনীত বলিউড রোমান্টিক থ্রিলার ‘তেরে ইশক মে’। এতে মুক্তি চরিত্রে অভিনয় করেছেন কৃতি। মুক্তির পর থেকেই মুক্তি চরিত্রটি নিয়ে দর্শকদের থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন এই বলিউড তারকা। অভিনেত্রী নিজেও জানান, তার ক্যারিয়ারে এটি এখন পর্যন্ত সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং কৌশলী চরিত্র।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন কৃতি, যেখানে ছবিতে তার অভিনয়কে ঘিরে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ার কিছু অংশ তুলে ধরা হয়েছে। কৃতজ্ঞতা জানিয়ে সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। একজন অভিনেতার জন্য সবচেয়ে ভালো অনুভূতি হলো যখন দর্শক আপনার চরিত্রের নীরব আবেগের সঙ্গেও সংযোগ স্থাপন করে।’
মুক্তির চরিত্রকে ‘স্তরপূর্ণ ও জটিল’ উল্লেখ করে কৃতি আরও বলেন, ‘তার প্রতিটি স্পন্দন যখন দর্শকের কাছে পৌঁছায়, তখন সেটাই ভালোবাসায় পরিণত হয়।’
আনন্দ এল. রাই পরিচালিত এবং হিমাংশু শর্মা ও নীরজ যাদব রচিত ছবিটিতে ধানুশ কৃতির সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়- মুক্তি (কৃতি) নামের এক তরুণী শঙ্করের (ধানুশ) প্রেমে পড়ে। তবে নানা পরিস্থিতির কারণে তাদের সম্পর্ক পূর্ণতা পাওয়ার আগেই বিচ্ছেদের মুখোমুখি হয়। রোমান্টিক থ্রিলারটি গত ২৮ নভেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।
সিনেমার শেষাংশ এবং শেষের আগের দৃশ্যের শুটিং নিয়ে কৃতি জানান, এই অংশগুলো ছিল শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর। তিনি বলেন, ‘মুক্তির চরিত্রের গ্রাফ খুব বৈচিত্র্যময়। অনেক কিছু অব্যক্ত থেকে যায়, যা বোঝাতে অভিনয়ে বাড়তি মনোযোগ দিতে হয়েছে।’
/এমএস