আলোচিত অভিনেত্রী তানজিকা আমিন। নাটক, ওয়েব সিরিজ, সিনেমা, বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনা সব মাধ্যমেই নিয়মিত কাজ করেন তিনি। অভিনয়ে ব্যস্ত সময় কাটলেও মাঝে মধ্যেই উপস্থাপনায় দেখা যায় তাকে। এবার দর্শকদের জন্য ভিন্নধর্মী অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই তারকা। মাছরাঙা টেলিভিশনের একটি রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় আসছেন তিনি।
‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের এ অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে ১ মে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপিগুলো উপস্থাপন করবেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুটি করে রেসিপি থাকবে।
এ অনুষ্ঠানের মাধ্যমে আবারও উপস্থাপনায় আসা সম্পর্কে তানজিকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের কনসেপ্ট যদি পছন্দ হয়। এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।