হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর গুজব। গত বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার নামে ভুয়া ‘মৃত্যুর খবর’ প্রচার করা হয়। এছাড়া কিছু ফটোকার্ডও ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কারিনার পরিবার।
কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানান, এমন গুজব পরিবারের জন্য মানসিকভাবে আরও কষ্টের হয়ে উঠছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা যেকোনো সময় মরে যেতে পারি, দুই মিনিটের গ্যারান্টি নেই। এরপরও মৃত্যুর মতো একটা বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন, এ মুহূর্তে সকলের মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।’
লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ কারিনা বর্তমানে ভারতের চেন্নাইয়ের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কারিনার শারীরিক অবস্থা নিয়ে কায়সার হামিদ জানান, বর্তমানে ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ধীরে ধীরে কারিনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে লিভারের চিকিৎসা এখনও চলমান।
এ সম্পর্কে তিনি বলেন, ‘ফুসফুসে কিছুটা ইনফেকশন আছে, এটা ধীরে ধীরে রিকভারি করছে। এরপর লিভারের চিকিৎসা হবে। এর মাঝে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও আমার দুই ছেলের কিছু টেস্ট হয়েছে। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট আসবে।’