শ্রেণি: সমকালীন প্রবন্ধ
প্রকাশনায়: জাতীয় পার্টি
প্রকাশকাল: এপ্রিল ২০২৬
পৃষ্ঠা: ১৯২, মূল্য: ৬০০ টাকা
জুলাই আন্দোলন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অন্যতম বড় ঘটনা, একটি ঐতিহাসিক মুহূর্ত। এই রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যদিয়ে সাড়ে পনেরো বছরের আওয়ামী শাসনের পতন ঘটে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার সম্ভাবনা উন্মোচিত হয়। ছাত্র ও তরুণ শক্তির উত্থান ঘটে। জন-আকাঙ্ক্ষা তৈরি হয় নতুন শক্তিকে ঘিরে। কিন্তু একই সঙ্গে উগ্রবাদী শক্তির উত্থানে সেই আকাঙ্ক্ষার মধ্যে ভাটা পড়ে, সম্ভাবনা পরিণত হয় শঙ্কায়। গ্রন্থটিতে লেখক ‘কিছু কথা’ প্রসঙ্গে লিখেছেন, ‘নির্বাচন ও ফলাফল নিয়ে জনগণের মাঝে কিছু ভুল ধারণা সৃষ্টি হয়েছে। পাতানো নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তোলার অপচেষ্টা চালানো হয়েছে। এসব বিষয়ে দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে অবগত করার প্রয়োজন অনুভব করেছি।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স, অনভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকার, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সর্বদলীয় অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়া- সব মিলিয়ে এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল একটি অধ্যায়। এ সময়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা, সিদ্ধান্ত, সামাজিক পরিস্থিতি প্রভৃতি বিষয়ে নিয়মিত কলাম লিখেছেন, দল থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশের অন্যতম প্রথিতযশা রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার। নানা ঘাত-প্রতিঘাতে বাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তনের ঘটনা, ইতিহাস এবং সামাজিক বিবর্তন ভেতর থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি। একজন উদার মুক্তচিন্তার মানুষ হিসেবে তিনি সমষ্টি ও ইতিহাসের চোখ দিয়ে এই সময়কে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন। সমকালে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই উত্তাল সময়কে অনুধাবন ও অনুধ্যান করার জন্য ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে এই গ্রন্থ।