যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার এক দিন পরই এই হামলা চালাল ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯) রাতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন গতকাল সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি হামলা চালায়। এতে তারা যুক্তরাষ্ট্রের নির্মিত ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) ব্যবহার করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর কারণে ব্রায়ানস্ক অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট আগুন দ্রুত নিভে গেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলমান যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাল ইউক্রেন। গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘রাশিয়ার ধারণা হলো, ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা পরিচালনা করছেন। আমরা এটাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমের নতুন মুখ হিসেবে দেখব। আর সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব।’
এর আগে গত সোমবার মস্কো বলছিল, এই ধরনের যেকোনো হামলা হলে তারা একটি উপযুক্ত এবং বাস্তব জবাব দেবে। শুধু তাই নয়, গতকাল ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে রাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
রাশিয়ার নতুন পারমাণবিক মতবাদ অনুযায়ী, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি শক্তিধর অন্য আরেকটি রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে।
ইউক্রেন ইতোমধ্যে এক বছরেরও বেশি সময় ধরে তার ভূখণ্ডের রুশ-অধিকৃত এলাকায় এটিএসিএমএস ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ কিলোমিটারের ভেতর আঘাত করতে পারে এবং এগুলোকে আটকানো কঠিন।
হামলা চালাতে মার্কিন অনুমোদনের ফলে কিয়েভ এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে রাশিয়ার কারস্ক অঞ্চল। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে ঢুকে পড়েছিল ইউক্রেনের বাহিনী।
রাশিয়ার অভিযোগের পাশাপাশি গতকাল ইউক্রেনের সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে, তারা ব্রায়ানস্কের রাশিয়ান অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে আঘাত করেছে। তবে এই হামলায় এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা জানায়নি তারা। সূত্র: বিবিসি
নাইমুর/