দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এ বছরের নভেম্বরে একশ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখছে। দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। এবারের শীতের এই ভারী তুষারপাতে সিউলের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, দক্ষিণ কোরিয়ায় তুষারপাতের রেকর্ড রাখা শুরু হয় একশ বছর আগে ১৯০৭ সাল থেকে। সে সময় থেকে এ পর্যন্ত এত ভারী তুষারপাত আর হয়নি। কোরিয়ার আবহাওয়া সংস্থার দেওয়া তথ্যানুসারে, বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ১৬ দশমিক ৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর আগে এত বেশি তুষারপাত হয়েছিল ১৯৭২ সালের ২৮ নভেম্বর। সেবার ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়।
তীব্র এই তুষারপাতে অন্তত ২২০টি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। প্রায় ৯০টি ফেরি বন্দরে থাকবে বলা হয়েছে। পর্বতারোহণের শত শত রাস্তাও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে সিউলে জরুরি সেবাকর্মীদের বিভিন্ন প্রতিবন্ধকতা সরাতে কাজ করতে দেখা গেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সুরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়কে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সড়ক দুর্ঘটনা ও অন্যান্য তুষারজনিত দুর্ঘটনা এড়াতে যা যা করা প্রয়োজন, তা করতে ব্যবস্থা নিতে বলেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান