ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে, তখনই তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর জেলেনস্কির এটি তৃতীয়বারের মতো তুরস্ক সফর। দুই নেতা ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে গত সোমবার তুরস্কে পৌঁছান জেলেনস্কি। এক টেলিগ্রাম বার্তায় তিনি জানান, এরদোয়ানের সঙ্গে বন্দি বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। তুর্কি প্রেসিডেন্টের সহযোগী ফারহেতিন আলতুন জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
এই আলোচনার সময়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র রিয়াদে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে কিয়েভকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, প্রয়োজন হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।
ন্যাটো সদস্য হলেও তুরস্ক বরাবরই ইউক্রেন সংকটে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। যুদ্ধের শুরুতে তারা ইউক্রেনকে ড্রোন সরবরাহ করলেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় অংশ নেয়নি। বরং তুরস্ক রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময়সহ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে চলেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি এই আলোচনায় আঙ্কারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: এএফপি
তাওফিক/