সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) আওতায় তৈরি করা হবে এই বিমানটি।
মঙ্গলবার (২৭ মে) দেশটির মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়েছে, ‘ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পঞ্চম প্রজন্মের নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে মন্ত্রণালয়।’
প্রস্তাবিত নতুন এই বিমানটি তৈরি হলে সেটি হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অন্যান্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের মতো। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এফ-২২ র্যাপ্টরকে একটি অসাধারণ মানের ও বর্তমান বিশ্বের সেরা পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।
পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিঃশব্দে ও শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে উড়তে সক্ষম। এই সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’। ভারতের প্রস্তাবিত নতুন বিমানটিও স্টেলথ যুদ্ধবিমান হবে বলে জানা গেছে। এটি এই প্রজন্মের যুদ্ধবিমানের প্রধান বৈশিষ্ট্য।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ প্রকল্পকে উল্লেখ করা হয়েছে ভারতের সামরিক খাতের ‘মাইলফলক প্রকল্প’ হিসেবে । বলা হয়েছে, ‘সামরিক খাতে ভারত আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই মাইলফলক প্রকল্প।’ নতুন এই পরিকল্পনা প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি রুপি বাজেট নির্ধারণ করেছে ভারত সরকার।
নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে প্রথম যে যুদ্ধবিমানটি তৈরি করেছিল ভারত, সেটি হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হাল) তৈরী ‘তেজাস’। ২০১৬ সালে এএমসিএ প্রকল্পের আওতাতেই তৈরি করা হয়েছিল বিমানটি। ইতোমধ্যেই ভারতের বিমান বাহিনী এই ৪.৫ জেনারেশনের তেজাস বিমানটি তাদের সার্ভিসে যোগ করা জন্য চুক্তি করেছে হালের সঙ্গে এবং কিছু সংখ্যক বিমান যোগ হয়েছে ভারতের বিমান বাহিনীতে। বিমানটির গুরুত্বপূর্ণ পার্টস ‘ইঞ্জিন’ সরবরাহ করে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক কোম্পানি। তবে ধীর গতির সরবরাহের কারণে আশানুরুপ ফল দেখাতে পারছে না প্রকল্পটি। এ নিয়ে ভারতীয় ডিফেন্স কমিউনিটিতে সমালোচনাও হচ্ছে।
সম্প্রতি ভারত-পাকিস্তানের সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে, পাকিস্তান খুব দ্রুতই চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে যাচ্ছে। এর কাউন্টার করার জন্যই তড়িঘড়ি করে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারত সরকার। তবে ভারতের নিজস্ব ইঞ্জিন বানানোর সক্ষমতা না থাকায় এই প্রকল্প কতটুকু সফল হবে কিংবা কতটুকু নিজস্ব প্রযুক্তির হবে সেটাই এখন দেখার বিষয়। সূত্র: এনডিটিভি