নিউজিল্যান্ডের সংসদে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাকা নৃত্য করে প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ক বরখাস্ত হয়েছেন। এই প্রতিবাদে তার সঙ্গে যোগ দেয়া আরও দুই মাওরি এমপিকেও বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানায়, বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। আর দলটির দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকারকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
নিউজিল্যান্ডের সংসদে বিরোধী ওই পার্টিকে যখন প্রশ্ন করা হয়—তারা মাওরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ রাজের ১৮৪০ সালের চুক্তি পুনঃ ব্যাখ্যা করার একটি বিতর্কিত বিলকে সমর্থন করে কি না, তখনই তিন সাংসদ হাকা শুরু করেন। পরে ‘ট্রিটি প্রিন্সিপালস’ নামের এই বিলটি শেষ পর্যন্ত অবশ্য বাতিলই করা হয়েছে।
এই বিলকে কেন্দ্রকরে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈ্রি হয় এবং গত নভেম্বরে দেশটির পার্লামেন্টের সামনে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন।
ডেবি এনগারেওয়া-প্যাকার বলেন, ‘আমাদের মাওরি হওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের জনগণের দাবি ও প্রত্যাশাকেই সবার আগে গুরুত্ব দেই।’
এদিকে তিন সাংসদের বরখাস্ত নিয়ে সংসদে তীব্র বিতর্ক হয়। পররাষ্ট্র মন্ত্রী উইনস্টন পিটার্স তে পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থী দল’ বলায় ক্ষমা চাইতে বলা হয়।
আর বরখাস্ত হওয়া সবচেয়ে কম বয়সী ও আলোচিত সাংসদ মাইপি ক্লার্ক আবেগ নিয়ে বলেন, ‘আমাদের কণ্ঠ কি এতই উচ্চ যে শাস্তি পেতে হচ্ছে?’
অন্যদিকে,সংসদের একটি কমিটি জানায়, হাকা করার ফলে সংসদ সাময়িকভাবে থেমে যায় এবং এটি অন্য সদস্যদের শঙ্কিত করতে পারে।
তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন দাবি করেন, ‘শাস্তির বিষয়টি হাকার বিরুদ্ধে নয়, বরং সংসদের নিয়ম না মানার বিরুদ্ধে।’ তবে শাস্তি হিসেবে এই সাংসদেরা বরখাস্ত হলেও বিলটি বাতিল হওয়ায় মাওরি জনগণের পক্ষে এটি ছিল বড় এক বিজয়।
সুলতানা দিনা/