মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ‘সফল’ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার (২১ জুন) রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তেহরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান স্থাপনা ফোর্দো ‘আর নেই’।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান এসব হামলায় অংশ নেয়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নাতাঞ্জ, ইস্ফাহান ও ফোর্দো- এই তিনটি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ফোর্দোর ওপর ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলা হয়েছে। অন্য দুটি স্থাপনায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ডেপুটি পলিটিক্যাল ডাইরেক্টর হাসান আবেদিনি বলেছেন, ‘ইরান বড় কোনো ক্ষতির শিকার হয়নি। ইরান কিছু দিন আগেই এই তিনটি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলেছিল। এসব স্থাপনায় থাকা উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছে।’
অবশ্য, ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম বলেছে, ‘শত্রুপক্ষের বিমান হামলায়’ ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি।