জোহরান মামদানি ‘কমিউনিস্ট’ এবং তিনি আচরণ ঠিক না করলে নিউইয়র্ক সিটির তহবিল আটকে দেবেন বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচনে লড়বেন এবং ধারণা করা হচ্ছে, তিনিই জিততে চলেছেন। শহরটির তরুণ জনগোষ্ঠীর কাছে তিনি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
মামদানির বিরুদ্ধে গুজব রটেছে যে তিনি কমিউনিস্ট। ট্রাম্প নিজেই একাধিকবার এ কথা বলেছেন। এমনকি মামদানিকে ‘উগ্র’ তকমা দিতেও ছাড়েননি তিনি। তবে ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়র প্রার্থী এরই মধ্যে সেই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে মামদানি নিউইয়র্কের সম্পদশালীদের কর বাড়াবেন বলে আগাম জানিয়ে রেখেছেন। তিনি এ কথাও বলেছেন যে, ‘আমি মনে করি না- আমাদের শতকোটিপতি থাকা উচিত।’
সব মিলিয়ে ট্রাম্প মামদানিকে খাঁটি কমিউনিস্ট বলে মনে করেন। তিনি এ বিষয়টি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও স্পষ্ট করেছেন। মামদানি নির্বাচনে জিতবেন এমনটা ‘অকল্পনীয়’ বলে ওই সাক্ষাৎকারে মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘ধরে নিন, তিনি বিজয়ী হলেন। আমি প্রেসিডেন্টই থাকব এবং তাকে সঠিক কাজ করতে হবে, নাহলে তারা কোনো অর্থ পাবেন না।’
ট্রাম্প নিউইয়র্কে বড় হয়েছেন এবং তিনি সেখানেই নিজের রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তুলেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মামদানির জয় শহরের জন্য খুব খারাপ হবে।’
বিভিন্ন কর্মসূচি ও সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তহবিল থেকে নিউইয়র্ক সিটি ১০ হাজার কোটি ডলার পেয়ে থাকে। মূলত সেটিই আটকে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
এদিকে ট্রাম্পের আক্রমণের জবাব গত রবিবার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দিয়েছেন মামদানি। তিনি সাফ বলে দিয়েছেন, ‘না, আমি কমিউনিস্ট নই।’
মামদানি আরও জানান, প্রেসিডেন্ট তার বেশভূষা, চেহারা, কথা বলার ভঙ্গি, জন্মস্থান ইত্যাদি নিয়ে যেভাবে কথা বলছেন, সেগুলো নিয়ে তিনি এরই মধ্যে অভ্যস্ত হতে শুরু করেছেন। ৩৩ বছর বয়সী এ মেয়র প্রার্থী বলেন, ‘তিনি (ট্রাম্প) আসলে এসব বলে আমার মনোযোগ লড়াইয়ের মূল ক্ষেত্র থেকে দূরে সরিয়ে দিতে চান।’
মামদানি মার্কিন অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের মাধ্যমে অনুপ্রাণিত বলেও উল্লেখ করেন। তিনি মার্টিন লুথার কিংয়ের এক বক্তব্যও তুলে ধরেন। মার্টিন লুথার কিং বলেছিলেন, ‘এটিকে গণতন্ত্রই বলুন বা গণতান্ত্রিক সমাজতন্ত্রই বলুন। এই দেশে সবার জন্য সম্পদের যথাযথ বিতরণ থাকা উচিত।’
নিউইয়র্কের এ মেয়র প্রার্থী বলেন, ‘আমি ওই কর্মজীবী মানুষের জন্য লড়ছি যাদের ক্ষমতায়নের কথা বলে তিনি (ট্রাম্প) প্রচারণা চালিয়েছিলেন এবং পরে তাদের ধোঁকা দিয়েছেন।’
মামদানি নিউইয়র্কের সম্পদশালীদের জন্য কর বৃদ্ধির বিষয়টি আবারও উল্লেখ করেছেন এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে। আগামী ৪ নভেম্বর মেয়র নির্বাচন হওয়ার কথা রয়েছে শহরটিতে। নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তিনি ডেমোক্র্যাটিক পার্টির হলেও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়বেন। অন্যদিকে মামদানির কাছে প্রাইমারিতে পরাজিত হওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী কুয়েমোও স্বতন্ত্র হিসেবে লড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি