তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা নতুন উত্তরসূরি বেছে নেবেন বলে নিশ্চিত করেছেন। তার মৃত্যুর পর সেই উত্তরসূরি তার স্থলাভিষিক্ত হবেন। দালাই লামার এ উদ্যোগের মধ্য দিয়ে বহু বছরের অনিশ্চয়তার অবসান ঘটল।
তিনি আরও জানিয়েছেন, শুধু তার প্রতিষ্ঠিত সংগঠনই ভবিষ্যৎ দালাই লামাকে স্বীকৃতি দেবে। এটি বাদে আর কোনো কর্তৃত্ব নেই এতে হস্তক্ষেপ করার। তিব্বতের প্রথা অনুযায়ী, মৃত্যুর পর দালাই লামাদের পুনর্জন্ম হয়। চীন তিব্বত অধিগ্রহণ করায় কয়েক দশক ধরে বর্তমান দালাই লামা নির্বাসিত রয়েছেন।
ভারতের ধর্মশালা শহরে রয়েছেন বর্তমান দালাই লামা। তার ঘোষণা শোনার জন্য শত শত অনুসারী জড়ো হয়েছিলেন। চলতি সপ্তাহে তিনি ৯০ বছরে পা দেবেন।
অন্যদিকে চীন দালাই লামার এ ঘোষণার উত্তরে বলেছে, শুধু তারাই দালাই লামার উত্তরসূরি নির্বাচন করবে এবং এটি অবশ্যই কেন্দ্রীয় সরকারের অনুমোদিত হতে হবে। চীন দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে। দেশটির মতে, তিব্বতের প্রতিনিধিত্ব করার তার কোনো অধিকার নেই।
সূত্র: বিবিসি