মায়ানমারের মধ্যাঞ্চলের একটি বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাত ১টার দিকে লিন তা লু গ্রামে ঘটনাটি ঘটেছে।
এক জান্তা-বিরোধী যোদ্ধা জানান, বিমান হামলাটি মঠের হলরুমে আঘাত হানে। সেখানে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। এতে ২২ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন শিশু এবং আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
তবে জান্তা মুখপাত্র জাও মিন তুন এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেননি।
একজন স্থানীয় বাসিন্দা জানান, মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমান হামলার পর তিনি শুক্রবার ভোরে তিনি কিছু মরদেহ গাড়িতে বোঝাই করে একটি কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন। মৃতদের শনাক্তে ছবি তুলতে কবরস্থানে গিয়ে তিনি ২২টি মরদেহ গণনা করেন। অনেক মরদেহের মাথায় আঘাত ছিল অথবা ছিন্নভিন্ন ছিল।
২০২১ সালে সামরিক বাহিনী একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মায়ানমার গৃহযুদ্ধের দেশে পরিনত হয়েছে।
এর আগে মে মাসে সাগাইংয়ের ও হিটেন কোউইন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালিয়ে ২০ শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করেছিল। সূত্র: আরব নিউজ
মেহেদী/