স্ত্রীর ব্যয়বহুল জীবনযাপনের দাবিদাওয়া পূরণ করতে না পেরে, ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারী এক যুবক চাকরি ছেড়ে বিয়ের কয়েকদিনের মধ্যেই ডাকাতিতে জড়িয়ে পড়েন। অভিযুক্ত এই তরুণকে বিয়ের মাত্র এক মাস পরেই পুলিশ গ্রেপ্তার করে।
অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এই ঘটনা। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্ত্রীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে চুরির মতো জঘন্য অপরাধের পেশা বেছে নেন।
পুলিশ জানায়, তরুণের স্ত্রী তার বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখার জন্য আরও বেশি টাকা আয় করার জন্য তরুণকে চাপ দিত। আর স্ত্রীর এই ক্রমবর্ধমান চাপের কারণেই নিজের চাকরি ছেড়ে এইতরুণ এই অপরাধের পথ বেছে নেন।
জামওয়ারমগড় গ্রামের বাসিন্দা এই তরুণ চুরি করার জন্য জয়পুরে যাতায়াত করতেন। কর্মকর্তাদের মতে, সন্দেহ এড়াতে তিনি তার অপরাধগুলো খুব সাবধানতার সঙ্গে পরিকল্পনা করতেন।
স্ত্রীর বিলাসী জীবনযাপনের আকাশছোঁয়া শখ পূরণ করতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক সম্মান বিসর্জন দিয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ার এই ঘটনা সবাইকে হতবাক করেছে ।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় দিনের বেলা এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবকের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হলে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
এই যুবকের নাম তরুণ পারেক। তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তরুণ। একমাস আগেই বিয়ে হয় তার। তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে পারছিলেন না তিনি। এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি।
সুলতানা দিনা/