যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে স্পেন। এর পরিবর্তে ইউরোপীয় নির্মিত ইউরোফাইটার অথবা ‘ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম’ (এফসিএএস- FCAS) প্রকল্পের মধ্যে থেকে একটি বেছে নেওয়ার পরিকল্পনা করছে দেশটি। বুধবার (৬ আগস্ট) স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ‘এল পাইস’ এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট ‘লকহিড মার্টিন’ এর তৈরি এফ-৩৫ কেনার পরিকল্পনা বাতিল করেছে সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়, স্পেন ২০২৩ সালের বাজেটে নতুন যুদ্ধবিমান কেনার জন্য ৬.২৫ বিলিয়ন ইউরো (প্রায় ৭.২৪ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ রেখেছিল। তবে চলতি বছর প্রতিরক্ষায় অতিরিক্ত ১০.৫ বিলিয়ন ইউরো ব্যয়ের যে পরিকল্পনা করা হয়েছে, তা মূলত ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা শিল্পে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান কেনা বাস্তবসম্মত নয়।

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান
চলতি বছরের শুরুর দিকে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ঘোষণা দেন, ন্যাটোর বর্তমান লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ে ব্যয় করবেন তিনি। তবে ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে তিনি রাজি হননি।
সানচেসের এই অবস্থান কড়া সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ট্রাম্প হুঁশিয়ারি দেন, এর প্রতিক্রিয়ায় স্পেনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
লকহিড মার্টিন এবং স্পেনে নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম’ প্রকল্পের আওতায় নেক্সট জেনারেশন যুদ্ধবিমানের প্রটোটাইপ
উল্লেখ্য, ইউরোফাইটার যুদ্ধবিমান নির্মাণ করছে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস, বিএইই সিস্টেমস এবং লিওনার্দো। আর ‘এফসিএএস’ প্রকল্পে অংশ নিচ্ছে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন, এয়ারবাস এবং স্পেনের ইন্দ্রা সিস্টেমাস। সূত্র: রয়টার্স
মাহফুজ/