ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতির মধ্যে আবার আলোচনায় এসেছে শতবর্ষ পুরোনো একটি রাজনৈতিক কার্টুন। ১৯২৫ সালে আমেরিকান শিল্পী রবার্ট মাইনর (রবার্ট বার্কলে নামেও পরিচিত) রচিত ‘একদিন সে জেগে উঠবে’ শিরোনামের কার্টুনটি আমেরিকাবিরোধী তত্ত্বের জন্য বিখ্যাত।
কার্টুনটিতে, মার্কিন সাম্রাজ্যবাদের বিপরীতে চীন, ভারত এবং আফ্রিকাকে শক্তিশালী একটি জাগ্রত দানব হিসেবে চিত্রিত করা হয়।
প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্বদের চাবুক হাতে অবস্থান নেওয়া এবং মার্কিন সাম্রাজ্যবাদ কে একটি দুর্বল ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করা হয়েছে। কার্টুনটিতে আমেরিকার ঐতিহাসিক এবং চলমান বৈদেশিক নীতি এবং সাম্রাজ্যবাদী প্রবণতার সমালোচনা করা হয়।
বিশেষ করে অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব দেখিয়ে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সুবিধার জন্য অন্যান্য অঞ্চলকে যেভাবে শোষণ করছে বা আধিপত্য বিস্তার করেছে সেটি এখানে ফুটিয়ে তোলা হয়।
এতে ভবিষ্যদ্বাণী করা হয়, বিশ্বে একসময় মার্কিন, ব্রিটিশ ও ফরাসি আধিপত্য হ্রাস পাবে এবং বিপরীতে উত্থান ঘটবে চীন, ভারত ও আফ্রিকার।পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের ইঙ্গিত করে ১৯২৫ সালে শিকাগোভিত্তিক সমাজতান্ত্রিক সংবাদপত্র দ্য ডেইলি ওয়ার্কারে ওই কার্টুনটি প্রকাশিত হয়েছিল। সম্প্রতি আরএল নারায়নান নামের এক ভারতীয় পেশাদারদের যোগাযোগমাধ্যম লিংকডইনে এটি আবার শেয়ার করেন।
গত বছর ডেইলি ওয়ার্কারে এটি পুনঃপ্রকাশ করে ক্যাপশনে বলা হয়, প্রায় একশ বছর আগে মাইনর উপলব্ধি করেছিলেন, একদিন বিশ্বে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসবে। কারণ অস্ত্র ও অর্থের জোরে বিশ্ব শাসন করছে পশ্চিমা দেশগুলো। অন্যদিকে, চীন, ভারত ও আফ্রিকা সামরিক ও আর্থিক দিকে দরিদ্র হলেও জনসমৃদ্ধ। এখন ৯৯ বছর পর বিশ্ববাসীর হুঁশ হচ্ছে এবং কিছু পরিবর্তন টের পাচ্ছে।
নারায়নানের শেয়ার করা পোস্টের ক্যাপশনে বলা হয়, শতবর্ষ পরে এসে বহুমেরুভিত্তিক বিশ্ব কাঠামো গড়ে তুলছে ব্রিকস। গোষ্ঠীটি বিশ্বের ৪০ শতাংশ মানুষ এবং ৩০ ট্রিলিয়ন ডলার জিডিপির প্রতিনিধি।
ভারতের মতো বিশ্বের একাধিক দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্কনীতির আলোকে কার্টুনটি আবারও আলোচনায় এসেছে। নারায়নানের পোস্টে উল্লেখযোগ্যসংখ্যক লাইক, কমেন্ট ও শেয়ার হচ্ছে। মাইনরের ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে এসেছে কিনা, সেটা নিয়েই অনলাইনে হচ্ছে ব্যাপক আলোচনা।
ইতিহাসের অন্যতম ভারতীয় সমরকৌশলবিদ চাণক্যর উদ্ধৃতি ব্যবহার করে নারায়নান লিখেছেন, যুদ্ধ শুরুর আগে দুরকম হিসাব করা উচিত- জয়ের মূল্য এবং শত্রুর প্রতিশোধের পালটা মূল্য। কোনও উঠতি শক্তির বিরুদ্ধে বেহিসেবি পদক্ষেপে একদিনের জন্য বিজয়ী হলেও এর প্রভাবে পুরো যুগব্যাপী পরাজয় জুটতে পারে।
সুলতানা দিনা/